হারিয়ে যাওয়া শিশুদের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মার লাইগ্যা মন খারাপ হইছে। ঈদে বাড়ি যামু, সেমাই খামু। খেলা করমু আর নানির বাড়িত বেড়াইতে যামু।’ তেজগাঁও থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে আশ্রয় পাওয়া শিশু মিরাজ এভাবে নিজের মনের কথা জানাল। শাওন, জান্নাত, নিপা, প্রতিবন্ধী লামিয়া, আরিফুল ইসলাম ও রহিমের ইচ্ছাও একই রকম। এরা সবাই হারিয়ে যাওয়া শিশু। বিভিন্ন থানার মাধ্যমে তাদের আশ্রয় হয়েছে এই সেন্টারে।এসব শিশুর বয়স এত কম যে বেশির ভাগই বাড়ির ঠিকানা, এমনকি বাবা-মায়ের নামও বলতে পারছে না। তাই শিশুদের কতজনের মনের আশা পূর্ণ হবে, তা নিশ্চিত নয়। তবে অনেক শিশুরই দৃঢ় বিশ্বাস—ঈদের আগে বাবা-মা তাদের নিতে আসবেই।গতকাল বুধবার ভিকটিম সাপোর্ট সেন্টারে কয়েকজন শিশুর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। বাড়ি কোথায় জানতে চাইলে শিশু রহিম হাত দিয়ে দেখিয়ে বলল—‘ঐহানে।’ জান্নাত বলল, ‘গাজীপুরের বাস থাইক্যা নামার পর হাইট্যা যাওন লাগে। তারপর বাম দিকে যাইতে হইব।’অনেক শিশু নিজের জেলার নাম বলতে পারছে। কোন গ্রাম, কোন উপজেলাও তা বলতে পারছে না।সহকারী পুলিশ কমিশনার ও সেন্টারের ইনচার্জ মিনা মাহমুদা প্রথম আলোকে বলেন, ‘ছোট ছোট শিশুরা বাবা-মাকে ছেড়ে ঈদ করবে। ভাবতে খারাপ লাগছে। কিন্তু তারা ঠিকানা না বলতে পারলে কিছুই করার থাকে না। বিভিন্ন সময় সংবাদপত্রে শিশুদের ছবি ছাপিয়ে অভিভাবকদের যোগাযোগ করতে বলা হয়। কিন্তু সবাই তো আর সংবাদপত্র পড়েন না।’ এ ক্ষেত্রে নিপার ভাগ্য অনেক ভালো। তার অভিভাবকেরা সাপোর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা প্রমাণপত্র নিয়ে এলেই নিপা বাড়ি ফিরে যেতে পারবে।হারিয়ে যাওয়া শিশুদের পাশাপাশি নির্যাতনের শিকার নারী, শিশু বা ভিকটিমরা থানার মাধ্যমে এ সেন্টারে আসে। তাদের থাকা-খাওয়া, পোশাক, আইনি সহায়তা, মনোসামাজিক কাউন্সেলিং, চিকিৎসাসহ সব সেবা দেওয়া হয় বিনা মূল্যে। থানা ছাড়াও ভিকটিমরা সরাসরি এ সেন্টারে অভিযোগ জানাতে পারে। অভিযোগ গ্রহণ, প্রয়োজন হলে মামলায় সহায়তা কিংবা সালিসের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেন সেন্টারের কর্মকর্তারা। এ সেন্টারে পুলিশের সঙ্গে সহায়তাকারী হিসেবে কাজ করছে ১০টি এনজিও। সেন্টারের দোতলার ঘরটিতে ঢুকে দেখা যায়, একটি শিশু বিছানায় ঘুমাচ্ছে। আরেকটি শিশু আপন মনে খেলছে। অপর একজন মেঝেতে শুয়ে আছে। দেখে বোঝা যায় তার মন খারাপ। মন খারাপের কারণ জানতে চাইলে সে বলল—‘মায়ের জন্য মন খারাপ হইছে।’ আপন মনে খেলতে থাকা শিশুটিও জানাল, একই কারণে তারও মন খারাপ। কয়েকজনকে টেলিভিশনে কার্টুন দেখতে দেখা গেল।শিশুদের জন্য সেন্টারের পক্ষ থেকে ঈদের জন্য নতুন জামা-কাপড় কেনা হয়েছে। সামনে নতুন জামা নিয়ে আসতেই শিশুদের মুখে হাসি ফুটে উঠল। একজন শার্ট পরে বলল, তার প্যান্টও লাগবে। সেন্টারের ইনচার্জের কাছে একটি শিশুর বায়না ‘আমার জুতা নাই, আন্টি, জুতা কিনে দেবেন।’ জান্নাতের জ্বর ছিল, কথা বলতে চাইছিল না। কিন্তু হাতে নতুন জামা পেয়ে তার মুখেও হাসি ফুটল। মিনা মাহমুদা বলেন, ঈদের দিনও হয়তো কোনো ভিকটিম আসবে। তাই সেই প্রস্তুতিও রাখা হয়েছে। ঈদের দিন যারা সেন্টারে থাকবে, তাদের জন্য নতুন কাপড়ের পাশাপাশি সেমাই, পোলাও, রোস্ট, মুরগির ঝাল মাংস, বেগুনভাজি, চটপটি ও কোমল পানীয়র ব্যবস্থা করা হয়েছে।জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) পুলিশ সংস্কার কর্মসূচির সহায়তায় ভিকটিমদের জন্য এ সেন্টারের ব্যবস্থা করেছে পুলিশ। শিগগিরই এ সেন্টার বাংলাদেশ পুলিশের নিজস্ব বাজেটে পরিচালিত হবে বলে জানালেন কর্মকর্তারা। কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকে। পুলিশের প্রশিক্ষিত নারী সদস্যরা ভিকটিমদের তত্ত্বাবধান করে থাকেন।গতকাল বিভিন্ন মামলার ভিকটিম ও হারিয়ে যাওয়া শিশুসহ মোট ১৫ জন সেন্টারে অবস্থান করছিল।