হারিয়ে যাওয়ার নেই মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপের দিন। বিষণ্নতা ঘিরে রেখেছে। তখন মনে হয় প্রিয় কেউ যদি পাশে থাকত। কোনো বন্ধুর সঙ্গে কাটাতে পারতাম একটি দিন। সেখানে শুধু সে আর আমি। বেশির ভাগ সময় এটি করা হয়ে ওঠে না। বিশেষ করে মেয়েদের। একটি মেয়ে ইচ্ছা করলেই তার মেয়েবন্ধুটির সঙ্গে যেকোনো জায়গায় যেতে পারে না। নিরাপত্তার বিষয়টি এখানে প্রাধান্য পেলেও সমাজে এটিকে ভালোভাবে নেওয়া হয় না। রবীন্দ্রনাথের ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’ গানটির মতো অনেক মেয়ে শুধু মনে মনেই স্বপ্নের দেশে ঘুরে বেড়ায়। একটা সময় ছিল যখন একটি মেয়ে একা তার মেয়েবন্ধুটির সঙ্গে বের হতে পারত না। সঙ্গে অবশ্যই কাউকে নিতে হবে। বয়সে ছোট কোনো ছেলে হলে তো কথাই নেই; যেন ছোট শিশুটিই তাদের নিরাপত্তার বিষয়টি দেখবে। এ সময়ের মেয়েরাও কি চাইলেই কোথাও থেকে বেড়িয়ে আসতে পারে? যখন পরিবার বা কোনো ছেলেসঙ্গী তার দায়িত্বে থাকে না?আধুনিক পরিবারের মেয়ে নুসরাত (ছদ্মনাম)। নিজেকেও তিনি আধুনিক ও প্রগতিশীল হিসেবে দাবি করেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়েন তিনি। ‘পড়াশোনার বাইরে ঘুরতে আমার ভালো লাগে। ছুটি হলেই পরিবারের সবাই মিলে দেশ ও দেশের বাইরে নানা জায়গায় বেড়াতে যাই। তবে বৃষ্টির দিনে রিকশায় ভিজতে ভিজতে ঘোরার ইচ্ছা আমার কত দিনের। স্বপ্নেও প্রায়ই দেখি, যা বাস্তবে করা হয়নি।ছেলেমেয়ে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়। কিন্তু শুধু প্রিয় মেয়েবন্ধুটির সঙ্গে সেভাবে যাওয়া হয় না। হয় ওর সঙ্গে কেউ থাকে, না-হয় আমার সঙ্গে।’ বলেই দীর্ঘশ্বাস ছাড়েন নুসরাত। ‘তবে তাকে বলেছি, আগামী বর্ষায় আমরা কাউকে না বলে বৃষ্টিতে ভিজব। তারপর যা হওয়ার হবে।’ চোখের কোণে যেন দুষ্টুমি খেলে যায় তাঁর।‘কলকাতা থেকে ঢাকা। রাস্তা যেন শেষই হচ্ছিল না। আগেই সব বন্ধুকে জানিয়েছিলাম, আমি আসছি। প্লেনে বসেই ঠিক করেছি কোথায় কোথায় ঘুরব, কী কী করব। চোখের সামনে এসব দেখতে পেতাম। অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। মনে উত্তেজনা। ‘ওরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর আমি পড়ি বিশ্বভারতীতে। ওখানেই বিয়ে হয়েছে আমার।’ বললেন তনুশ্রী (ছদ্মনাম)। ‘তা ছাড়া বিয়ের পর সেবারই প্রথম ঢাকায় আসা। তবে আমার স্বামী আসেনি। একাই এসেছিলাম আমি।‘আমার কাছের বন্ধু হলো ওরা। স্কুলে পড়ার সময় মাঝেমধ্যে একই রকমের জামা বানাতাম। সবার হাতে থাকত একই রকমের ব্রেসলেট। সেটা কী যে আনন্দের ছিল! ঢাকায় এসে সবার সঙ্গে যোগাযোগ করলাম। নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হয়েছিলাম। স্বপ্নের মতো কেটেছে দিনটি। কোনো বাধা নেই। কখনো রিকশায় ঘুরেছি, রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেয়েছি। সংসদ ভবনের পাশে ক্রিসেন্ট লেকে বসে গল্প করেছি। আবার গাড়ি করে ঢাকার বাইরে গিয়ে ফিরে এসেছি। কত যে হই-হুল্লোড় করেছি। কখন যে রাত নেমে এসেছিল বুঝতে পারিনি। আমার তো মনে হয়, এমন দিন হয়তো আমার জীবনে আর আসবে না। স্বামীর সঙ্গেও অনেক ঘুরেছি। তবে সেদিনের মতো আনন্দ কখনো পাইনি।’ ‘ভালো না লাগলেই বেরিয়ে পড়ি। নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রাধান্য দিই। সাধ্যের মধ্যে সবকিছু নিজেই পূরণ করার চেষ্টা করি।’ কথাগুলো বলছিলেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত সাবরিনা (ছদ্মনাম)। ‘পোশাক থেকে শুরু করে কোথায় যাব না-যাব সবই তো পরিবারের সদস্যরা ঠিক করে দেন। কিন্তু আমার মন কী করলে ভালো লাগবে সেটা কি তারা বোঝে? আমার সহকর্মী, না-হয় বন্ধুর সঙ্গে বেড়াতে যাই। অনেক সময় বাসায় বলি না। হয়তো বলবে, এত ঘোরাঘুরি কেন করো? কোথাও গিয়ে বন্ধুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে মনটা হালকা হয়ে যায়। ক্লান্তি কেটে যায়। মাঝেমধ্যে সিনেমা দেখতে যাই। ঢাকার বাইরে মেয়েবন্ধুটির সঙ্গে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। কারও বাসা থেকেই বিষয়টি মানবে না। তাই মনে মনে ভাবলেও তা আর করা হয়ে ওঠে না।ধানমন্ডির একজন গৃহিণী। বলছিলেন, ‘আমার বাবা ছিলেন খুব কড়া। কখনো কোথাও বেড়াতে যেতে দিতেন না। মেয়েবন্ধুদের বাসায় আসাও পছন্দ করতেন না। চারদেয়ালের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবতে পারতাম না। পড়াশোনা চলার সময় বিয়ে হয়। স্বামীর সঙ্গে নানা জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। কিন্তু আমি কোথায় যেতে পছন্দ করি তা অবশ্য সে কখনো জানতে চায়নি। আমিও বলিনি। একসময় ছেলেমেয়েরা বড় হলো। এখন ওরা আমাকে নিয়ে পরিকল্পনা করে। বলে, সারা দিন বাসায় থাকি আমি। ঘুরলে ভালো লাগবে। তবে ওদের পছন্দের জায়গাগুলোতেই যাওয়া হয়। নিজেরও যে কিছু বলার থাকতে পারে, তা ভুলেই গেছি।’