হারিয়ে যাওয়ার নেই মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া অঞ্চলের ভাষা প্রতিযোগ, দিনটা ছিল ১৯ এপ্রিল। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, সঙ্গে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হোসনে আরা। এরপর ফেস্টুনে লেখা বাংলা ভাষা উড়িয়ে দেন অতিথিরা। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চ থেকে ঘোষণা আসার পর শিক্ষার্থীরা তড়িঘড়ি ছুটে যায় পরীক্ষা হলের দিকে। নির্ধারিত ৩০ মিনিটের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্র পরীক্ষকদের কাছে জমা দিয়ে, মঞ্চের সামনে এসে নিজ নিজ আসন গ্রহণ করে। এবার ব্যতিক্রমী সেই আসর—প্রশ্ন করবে শিক্ষার্থীরা আর উত্তর দেবেন শিক্ষকেরা। মঞ্চে আসন গ্রহণ করেন সম্মানিত অতিথিরা। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সবচেয়ে আকর্ষণীয় পর্ব এই প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব সঞ্চালনা করতে মঞ্চে আসেন প্রথম আলোর চট্টগ্রাম অফিসের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আর মঞ্চে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা, মোহাম্মদ আজম, তারিক মনজুর, তাশরিকি হাবিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহেল রাজিব। আরও ছিলেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। প্রথমেই সঞ্চালক বলে দিয়েছিলেন, শিক্ষার্থীদের কাজ হবে প্রশ্ন দিয়ে অতিথিদের আটকানো। প্রতিযোগিতায় এবার থেকে একটি নতুন ব্যাপার যোগ হয়েছে, সেটি হলো, শিক্ষার্থীদের প্রশ্নগুলো বন্ধুসভার বন্ধুরা কাগজে টুকে রেখেছেন।একঘেয়েমি দূর করতে প্রশ্নোত্তর পর্বের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করে। ভালো প্রশ্নের জন্য পুরস্কার হিসেবে বইয়ের ব্যবস্থাও ছিল। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বগুড়া বন্ধুসভা। প্রশ্নোত্তর পর্ব শেষে প্রথম আলো বন্ধুসভার সভাপতি রফিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর প্রথম আলোর বগুড়া প্রতিনিধি মিলন রহমান সবাইকে ধন্যবাদ জানান। এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের তাঁর স্বল্প কথায় বাংলা ভাষার চর্চা এবং তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।প্রশ্নোত্তর পর্বের মাঝে শিক্ষার্থীদের গানে গানে আনন্দ দিতে মঞ্চে আসেন ক্লোজআপ ওয়ান তারকা আতিক। মুহূর্তেই সবার মাঝে বয়ে যায় আনন্দের বন্যা ! সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ—ফলাফল ঘোষণার পালা। এতক্ষণ নানা আয়োজনের মধ্য দিয়ে ওরা হারিয়ে গিয়েছিল অনন্য এক আনন্দজগতে। ফলাফল ঘোষণার সময় তুমুল করতালি পড়ছিল। যখনই নাম ঘোষণা করা হচ্ছিল, তখনই উল্লাসে চিৎকার দিয়ে উঠছিল সবাই। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা। আর পুরস্কার হিসেবে ছিল বই, সনদ ও মেডেল। পুরস্কার প্রদানের আগে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুনের হাতে ভেন্যু স্মারক তুলে দেন আবদুল্লাহ আল জোবায়ের। বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরাদের সেরা হয়েছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুবাইয়া ইসলাম। এরপর বিজয়ী ও অতিথিদের একসঙ্গে ছবি তোলা। কিন্তু যিনি ছবি তুলবেন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখা গেল তিনি ওপরে শিক্ষার্থীরা কে কোথায় বসবে তা ঠিক করে দিচ্ছেন। সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী বছরের জন্য আমন্ত্রণ জানানো হয়।