হারিয়ে যাচ্ছে খাল
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সরকারি খাসজমিতে প্রবহমান হাজারীবাগ খালের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর গত মে মাসে এই খালের ওপর ২০ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্য-প্রস্থের একটি কালভার্ট অকারণে নির্মাণ করেছে। খালটি এখন অবৈধ দখলদারদের কবলে আর কালভার্টটি পরিত্যক্ত হয়ে আছে। খালের অস্তিত্ব নেই।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শত শত কালভার্ট তৈরি করার প্রধান উদ্দেশ্য খাল, জলাশয় বা নদী দখল। অনেক কালভার্ট পাওয়া গেছে, যেগুলো তৈরির পর মানুষের কোনো কাজে লাগেনি। এসব অপরিকল্পিত কালভার্টের কারণে খাল ছোট হয়, শুকিয়ে যায়। তার পরই একটি চক্র কালভার্টের আশপাশে মাটি বা বালু ফেলে খাল-নদী-জমি দখল করে নেয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক ইকবাল হাবিব বলেন, কালভার্টের ক্ষতি বুঝতে গবেষণার প্রয়োজন নেই, চোখের সামনেই দেখা যায়। এগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে, কৃষিজীবী মানুষের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। অবিলম্বে অপ্রয়োজনীয় কালভার্ট সরিয়ে ফেলার উদ্যোগ নিতে হবে।ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ত্রাণের টাকায় যতগুলো খালের ওপর কালভার্ট নির্মাণ করেছে, সব কটিই হাজারীবাগ খালের মতো হারিয়ে গেছে। শুধু কালভার্টগুলো পড়ে আছে। নদ-নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীন কর্মকাণ্ড এর জন্য দায়ী।ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, রাজধানীতে ৪৩টি খালের মধ্যে ২৬টির কোনো রকমে অস্তিত্ব রয়েছে। বাকিগুলো বিলুপ্ত হয়ে গেছে। দেখা গেছে, ওয়াসার তালিকাভুক্ত ২৬টি খালের মধ্যে তিনটি এখন পুরোপুরি বিলুপ্ত। বাকিগুলোও দখলদারদের কবলে। এ বিষয়ে জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘আমরা পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করব।’সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত অর্থবছরে ত্রাণের দুই কোটি টাকা ব্যয়ে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর রাজধানীর সাতটি খালে ১২ মিটার দৈর্ঘ্য-প্রস্থের ১০টি কালভার্ট অকারণে নির্মাণ করে। এতে সরকারি বিপুল অর্থের অপচয় হয়।খালগুলোর বিলুপ্তি নিয়ে ওয়াসার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, এখনই কালভার্ট নির্মাণ বন্ধ করে খালগুলো উদ্ধারে জরুরি ব্যবস্থা নিতে হবে, নইলে ঢাকার পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়বে। তীব্র জলাবদ্ধতা দীর্ঘ সময় ধরে স্থায়ী হবে।খালের দখলদারদের তালিকা ঘেঁটে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা, বিএনপির নেতা, তাঁদের সহযোগী ও আবাসন ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল এই দখলদারিতে জড়িত। যোগাযোগ করা হলে নদ-নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সদস্য সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এই দখল শুরু হয়েছে। বর্তমানে যদি আওয়ামী লীগেরও কেউ দখলে জড়িত থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে দেখা গেছে, এই সাংসদের নিজ এলাকায় নবাবগঞ্জ ও শহীদনগরে কালভার্ট-সংলগ্ন বেড়িবাঁধে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে।দক্ষিণখানে খাল যেন মরুভূমি: মাত্র ছয় মাস আগেও দক্ষিণখানের মধুবাগ কবরস্থানসংলগ্ন খাল ও জলাশয়টি ছিল পানিতে পরিপূর্ণ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিল মোল্লা বলেন, এই খাল দক্ষিণখান, উত্তরখানসহ কয়েকটি এলাকাকে দুই দিক দিয়ে তুরাগ নদীতে সংযুক্ত করেছে। কালভার্টটি নির্মিত হওয়ার আগে গত এপ্রিল মাসেও খালটি দিয়ে নৌকা চলত।সম্প্রতি মধুবাগ কবরস্থানসংলগ্ন খালে গিয়ে দেখা যায়, চারদিকে বালু আর বালু, খালের অস্তিত্ব নেই। আগে এখানে জেলেরা মাছ ধরতেন। এখন বালুর ওপর দিয়ে অনেক দূর হেঁটে গেলে খালটিকে ছোট্ট একটি ড্রেনের মতো দেখা যায়।স্থানীয় মধুবাগের দুজন বাসিন্দা মাসুম সিকদার ও মাহবুবুর রহমান জানান, দক্ষিণখানের বৃষ্টি ও বন্যার পানি এই খাল ও খালসংলগ্ন নিচু জলাশয়ে জমা হয়। কিন্তু এখন খাল ও জলাশয়টি বালু দিয়ে ভরাট করছে ওপারে স্প্রিং টাউন, এপারে আশিয়ান সিটি। এভাবে ভরাটের ফলে এখন একটু বৃষ্টি হলেই গোটা দক্ষিণখান তলিয়ে যায়।ছয় মাস আগে এই খালের বিস্তৃত পানির মধ্যে দুটি সাইনবোর্ডের একটিতে স্প্রিং টাউন, অন্যটিতে কিছু লেখা ছিল না। এখন চারদিকে স্প্রিং টাউনের ১০টি বিশাল সাইনবোর্ড লোহার রডের সঙ্গে বালুর মধ্যে পুঁতে রাখা। এ ব্যাপারে স্প্রিং টাউন আবাসন প্রতিষ্ঠানের মালিকদের একজন নাজমুল আমিন বলেন, ‘সবাই পানি বিক্রি করে। আমরা সেটি করতে চাই না। এ জন্য ভরাট করে জমিই বিক্রি করব। তবে এখানে কালভার্টটির কোনো প্রয়োজন ছিল না। একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে অকারণে কালভার্ট করা হয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, এই কালভার্টের নির্মাণব্যয় ২০ লাখ টাকা। এর নির্মাতাপ্রতিষ্ঠান মেসার্স বি এইচ কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘সরকার যেখানে কালভার্ট করতে বলেছে, আমরা সেখানেই করেছি। এতে আমাদের কোনো পছন্দ-অপছন্দ নেই।’বুড়িগঙ্গার শাখা নদী: ঢাকা জেলা প্রশাসন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ওয়াসার চিহ্নিত বুড়িগঙ্গার শাখা নদীটি গত মে মাসেও পানিতে পরিপূর্ণ একটি বিস্তৃত জলাশয় ছিল। এখন বালুতে ভরাট হয়ে গেছে। এখানে সাতটি অপ্রয়োজনীয় কালভার্ট করা হয়েছে। শাখা নদীটি সোয়ারীঘাট থেকে শুরু হয়ে নবাবগঞ্জ, কোম্পানীঘাট, হাজারীবাগ হয়ে কালুনগর মৌজায় গিয়ে বুড়িগঙ্গায় মিশেছে।সম্প্রতি গিয়ে দেখা যায়, রসুলবাগ ও নবাবগঞ্জ এলাকায় কালভার্টের একদিকে নদী ভরাট হয়ে গেছে। ভরাট অংশে আধা পাকা দুটি নির্মাণাধীন ভবন ও আরেক দিকে খাল ভরাট করে দখলদারেরা বাঁশের ওপর অনেক কাঁচা টংঘর তৈরি করেছে। বেড়িবাঁধের ওপর একটু পরপর আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড। আর বাঁধসংলগ্ন কালভার্টের চারপাশে দখলদারদের সারি সারি সাইনবোর্ড ও বালু ফেলে প্লট নির্মাণের দৃশ্য।কালুনগর মৌজার একটি কালভার্ট এখন ধসে পড়ছে। খাল ও বেড়িবাঁধের পাশের জলাশয়ের মধ্যে আফসানা বিল্ডার্স, আমেনা বেগমসহ আরও কয়েকটি সাইনবোর্ড পুঁতে রাখা। পাউবোর তালিকায় দেখা যায়, বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এমন দখলদারের সংখ্যা এক হাজার ৬১৮।দখলদার যাঁরা: পাউবোর অবৈধ দখলদারের তালিকায় ৬০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপির নেতা মোশাররফ হোসেন ওরফে কেকে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একরামুল্লাহ সোহ্রাওয়ার্দী, সাধারণ সম্পাদক আমির হোসেনসহ অর্ধশতাধিক স্থানীয় প্রভাবশালীর নাম রয়েছে।কোম্পানীঘাটের কিছুটা আগে চারদলীয় জোট সরকারের সময় নির্মিত একটি কালভার্ট দেখা যায়। কিন্তু খালের অস্তিত্ব নেই। চারদিকে বিশাল প্লট ও বহুতল ভবন। একটি ভবনের সামনে সাইনবোর্ডে লেখা ‘এই জায়গা ম্যাটাডোর গ্রুপভুক্ত শিল্পকারখানার জন্য নির্ধারিত স্থান।’এ ব্যাপারে জানতে চাইলে ম্যাটাডোরের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাগিরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি জায়গায় গাছ লাগিয়ে একটি বাগান করেছি। তবে যখনই এ জায়গা সরকার নিতে চাইবে, তখনই দিয়ে দেব।’ অবশ্য এই বক্তব্যের পর তিনি ফোনে জানান, বাগান করা জায়গাটি পাউবোর কাছে ৯৯ বছরের জন্য ইজারা চাওয়া হয়েছে। ইজারা দেওয়া হয়েছে কি না, তা তিনি বলতে পারেননি।অপর দখলদারদের একজন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন। তিনি বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ দখল করে থাকতে পারে। এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। বেড়িবাঁধে দলীয় সাইনবোর্ড লাগিয়ে দখলের জন্য তিনি ৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম সিরাজকে দায়ী করেন। আমির হোসেন বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে নদী, খাল ও বেড়িবাঁধে সাইনবোর্ড টানিয়ে দখল করছেন সাদ্দাম সিরাজ। যোগাযোগ করা হলে সাদ্দাম সিরাজ বলেন, ‘এটি সরকারি জায়গা হওয়ায় দখল করেছি। আমাদের (দলীয় নেতাদের) বসার জায়গা নেই। সন্ধ্যার পর যাতে সবাই একসঙ্গে বসতে পারি, সে জন্যই সাইনবোর্ড দিয়ে দলীয় কার্যালয় করেছি। সরকার দখলমুক্ত করতে চাইলে জায়গা ছেড়ে দেওয়া হবে।’নিখোঁজ হাজারীবাগ খাল: ঢাকা ওয়াসার তালিকাভুক্ত ২৬ খালের একটি হাজারীবাগ খাল। মাত্র ছয় মাস আগে হাজারীবাগের বটতলা মাজার রোড এলাকায় ২০ লাখ টাকা ব্যয়ে এখানে অযথাই কালভার্ট তৈরি করা হয়েছে। দখলের কবলে পড়ে খালটি এখন নিখোঁজ।ডিসিসি, জেলা প্রশাসন ও ওয়াসা সূত্র জানায়, ভূমি জরিপ (সিএস), এসএ ও আরএসে খালটি খাসজমিতে অবস্থিত। কিন্তু সর্বশেষ মহানগর জরিপে স্থানীয় ভূমিদস্যুরা খালটি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। গোটা খালের ওপর ভবন, মার্কেট ও স্থাপনা গড়ে তুলেছে। ডিসিসি আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দখলদারদের যে তালিকা করেছে এতে রয়েছেন, হাজারীবাগ মাজার বটতলা এলাকার মোহাম্মদ ইউসুফ, এলাকার ২১ নম্বর গজমহলের মো. মোক্তার হোসেন, গজমহলের মো. মহিউদ্দিন, ৯১ নম্বরের সামসুল হুদা, গজমহলের আজাদ গং, হাজারীবাগের ১৬/১ নম্বর শিকারীটোলা লেনের আবদুস সামাদের সামিনা ট্যানারি প্রাইভেট লিমিটেড ও শিকারীটোলা লেনের ১৬/২ নম্বরের নূরুল আলমের প্রগতি লেদার কমপ্লেক্স। দখলদারদের একজন মো. ইউসুফ হাজারীবাগসহ বুড়িগঙ্গার গোটা খালেরই মালিকানা দাবি করছেন। এ জন্য স্থানীয় লোকজনের কাছে তিনি ‘খাল ইউসুফ’ নামে পরিচিত। তাঁর বাসা হাজারীবাগে মাজার বটতলায়। অনেকবার ফোন করেও তাঁকে না পেয়ে বাসায় গিয়ে জানা যায়, তিনি গভীর রাতে ফেরেন। তাঁর ঘনিষ্ঠজন মো. সাজেদুল বলেন, ইজারা সূত্রে ইউসুফ খালটির মালিক। ইউসুফের বাবা জেলা প্রশাসন থেকে এই ইজারা নিয়েছেন। এই দখলদারদের বিষয় ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান বলেন, তালিকাভুক্ত দখলদারেরা সবাই ভূমিদস্যু। তাঁরা এত প্রভাবশালী যে, তিনি বিএনপির নেতা হয়ে বিএনপির সময়ও খাল দখলমুক্ত করতে পারেননি। দখলদারদের বিষয়ে ধানমন্ডি সার্কেলের লালবাগ ভূমি কার্যালয়ের (তফসিল অফিস) সহকারী ভূমি কর্মকর্তা আলমাজ হোসেন খান বলেন, সিএস রেকর্ডে খাস উল্লেখ থাকলে সেটি খাস জমি। ফলে এখন যাঁরা আছেন সবাই অবৈধ দখলদার। দেবধোলাই খাল এখন নর্দমা: সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়নের মানিকদিয়া ও টেকপাড়ার মধ্য দিয়ে বয়ে যাওয়া দেবধোলাই খালের ওপর বক্স কালভার্ট নির্মাণের পর গত মে মাসে খালের নৌপথটি বন্ধ হয়ে যায়। ইউনিয়ন পরিষদ সূত্র জানিয়েছে, দেবধোলাই খাল রাজধানী ও রাজধানীসংলগ্ন পাঁচটি গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়ে নাসিরাবাদে বালু নদীর সঙ্গে মিশেছে।আবার এই খালটিই সবুজবাগের বাইগদা গ্রামে আরেকটি শাখা হয়ে রাজধানীর ডেমরায় গিয়ে শেষ হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, খালটি রাজধানীসংলগ্ন গ্রামবাসীর নৌ-চলাচলের প্রধান মাধ্যম এবং কৃষি কাজের পানির মূল উৎস। কিন্তু কালভার্ট নির্মাণের পর গ্রামবাসীর জন্য দখলদারেরা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎস দেবধোলাই খাল বন্ধ হয়ে গেছে। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, দেবধোলাই খালটি মানচিত্র অনুযায়ী ৪০ ফুট প্রশস্ত। কিন্তু এই খালে টেকপাড়ায় একটি ও নাসিরাবাদের বাইগদা গ্রামে একটি কালভার্ট তৈরি করা হয়েছে। এই দুটি কালভার্ট মাত্র ৩৯ ফুট দীর্ঘ। ফলে খালটি দখলে নেওয়া সহজ হয়ে যায়। এটি এখনই যদি দখলমুক্ত করা না যায়, তাহলে গ্রামবাসীর জীবনে সর্বনাশ নেমে আসবে।নগরের মান্ডা থেকে মানিকদিয়া, বেগুনবাড়ি, টেকপাড়া হয়ে নাসিরাবাদ পর্যন্ত তিন শতাধিক দখলদার এই খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। খালটি এখন নর্দমায় পরিণত হয়েছে। কালভার্টের ওপর বাঁশের সাকো তৈরি করে স্থানীয় লোকজন এপার-ওপার যাচ্ছে। আর কালভার্টের দুই পাশে বাঁধ দিয়ে গোটা খালই বন্ধ করে দেওয়া হয়েছে।জানতে চাইলে জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর (আরডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, এ মাসেই খালটি দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। ২০ জানুয়ারির মধ্যে দখলদারদের চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে। এরপর উচ্ছেদ শুরু হবে। একই দশা সব খালের: নগরে যতগুলো খালে এমন কালভার্ট নির্মাণ করা হয়েছে, দেখা গেছে সবগুলো খালেরই করুণ পরিণতি। দেখা গেছে, মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল, কাটাসুর খাল, খিলগাঁওয়ের বাসাবো খাল, আবদুল্লাহপুর খাল, ইব্রাহিমপুর খাল, জিরানী খালে সহস্রাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান প্রথম আলোকে বলেন, খালগুলোর জরিপ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপ শেষে খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা স্তম্ভ পুঁতে দেওয়া হবে।