হারিয়ে যাচ্ছে স্বপ্ন, জমি, ভিটেমাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কিছুদিন আগেও এখানে জনমানুষের বসতি ছিল। স্বপ্ন ছিল। ছিল প্রাণের স্পন্দন। আজ তার কিছুই নেই। এমনকি স্বপ্নগুলোও হারিয়ে গেছে হতাশায়। এ হচ্ছে অস্বাভাবিক ধসের শিকার বালাগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রাম ও এর বাসিন্দাদের কথা। এখানকার মানুষের দীর্ঘশ্বাস এখন ঘুরে বেড়ায় বাতাসে।বালাগঞ্জের কুশিয়ারা নদীর তীরে অসময়ের এ ধসে ভিটেমাটি হারিয়ে সহস্রাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে। ধসের শিকার হয়ে উপজেলার ২০টিরও বেশি গ্রাম নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে। শত শত পরিবারের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও নদীতে মিশে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীকে বারবার আশার বাণী শোনালেও এ অবস্থা রোধে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি।সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার পূর্ব পৈলনপুর, সাদীপুর, পূর্ব গৌরীপুর ও বালাগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্রতিবছরই বর্ষা-পরবর্তী সময়ে এ ধরনের ভাঙনের শিকার হচ্ছে। ক্রমাগত ভাঙনে উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বালাগঞ্জ বাজারের অস্তিত্বও এখন হুমকির মুখে। এরই মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের বালাগঞ্জ বাজারের প্রায় অর্ধশত দোকান, উপজেলা প্রশাসনের রাস্তা নদীবক্ষে চলে গেছে। সম্প্র্রতি বালাগঞ্জ পূর্ব বাজারে প্রায় পাঁচ শ ফুট দীর্ঘ এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। এ এলাকায় দাঁড়িয়ে আছে প্রায় অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান। এলাকাবাসী জানায়, ২ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের কুশিয়ারা-তীরবর্তী বাড়িগুলো আকস্মাত্ বিকট শব্দে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আটটি পরিবারের বসতভিটা ও সহায়-সম্বল নদীগর্ভে বিলীন হয়ে যায়। অস্বাভাবিক এ ভাঙনে নিঃস্ব হয়ে পড়ে পরিবারগুলো। ঘরবাড়ি হারিয়ে এসব পরিবার আশ্রয় নেয় স্থানীয় সাদেকপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও সড়কের পাশে। পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট, টাহারবহর, মধুরাই, বিনোদপুর, কান্দিগাঁও, মুসলিমাবাদ, আমজুর, হাড়িয়ার গাঁও, মীরের চক গ্রামে এভাবে ধসের ফলে সৃষ্ট ভাঙন মারাত্মক রূপ নিচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত কুশিয়ারা বন্যানিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে। স্থানীয় বাসিন্দা হেলাল বলেন, ‘জন্মের পর থেকে দেখছি আমার গ্রাম হাড়িয়ার গাঁওয়ের ফসলি জমি প্রতিবছর বর্ষা-পরবর্তী সময়ে এভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে। মানুষ ভূমিহীন হয়ে পড়েছে। অথচ এসব মানুষকে পুনর্বাসনের কোনো উদ্যোগ কখনোই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি।’উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর, জালালপুর, গালিমপুর, ভাটপাড়া ও ফাজিলপুর গ্রাম দীর্ঘদিন ধরে ভাঙনের শিকার। এসব গ্রামের সহায়-সম্বলহীন শতাধিক পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে নদীর তীরে। এখনো ভাঙনের মুখে রয়েছে ৫০টিরও বেশি পরিবার। যখন তখন এই পরিবারগুলোর সহায়-সম্বল চলে যেতে পারে নদীগর্ভে। হামছাপুরের সহায়-সম্বলহীন এসব মানুুষ সরকারি সাহায্য পাওয়া তো দূরের কথা জনপ্রতিনিধিরাও তাদের খোঁজ নেন না বলে অভিযোগ পাওয়া গেছে।হামছাপুর গ্রামের বৃদ্ধা আরফুল নেছা বলেন, ‘রাতে শান্তিত ঘুমাতে পারি না। কখন জানি ঘরদোর নদীতে মিশে যায়, সেই ভয়ে থাকি। ভোটের সময় সবাই ভোট চাইতে আসে। কিন্তু আমাগো দুঃখের সুময় কেউরে পাওয়া যায় না।’সাদীপুর ইউনিয়নের তাজপুর ও লামা তাজপুর গ্রাম দুটিও প্রায় বিলীন হওয়ার পথে। সহায়-সম্বল হারিয়ে গ্রামের অধিকাংশ মানুষ মানবেতর জীবন যাপন করছে। কেউ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে, কেউ আবার স্বজন বা প্রতিবেশীর বাড়িতে। ভাঙনে এখানকার একেকটি পরিবার চার-পাঁচবার ভিটামাটি খুইয়েছে। এখনো ভাঙনের মুখে রয়েছে অনেক বাড়িঘর। ভাঙনের কবল থেকে তাজপুরবাসীকে রক্ষার জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন জানালেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করে।এদিকে নদীভাঙনের কারণে এই ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুটিও এখন ঝুঁকির মুখে। যখন তখন ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।সহায়-সম্বলহীন তাজপুর গ্রামের শুকুর মিয়া বলেন, ‘আমার জায়গা-জমি সবকিছু কুশিয়ারার প্যাটে গেছে। এখন পরিবার নিয়্যা অন্যের বাড়িতে থাকি। অনেক নেতা এই ভাঙন দেখেছেন, অনেক প্রতিশ্রুতি দিছেন। কিন্তু বাস্তবে আমাগো জন্য কিছুই করা হয় নাই।’একই এলাকার রূপজান বিবি বলেন, ‘কিচ্ছু আর বাকি নাই। সবকিছুই কাইড়া নিছে নদীতে। অন্যের বাড়িতে থাকি। দুই বেলা খাওনও জুটে না।’পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, এলাকায় বর্ষার পরবর্তী সময়ে এ রকম ধসের ঘটনা দীর্ঘদিনের। এতে বাড়িঘরহারা মানুষের কষ্টের শেষ নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। সাদীপুর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ বলেন, ‘কুশিয়ারা নদীতে আমার ইউনিয়নের তাজপুর গ্রামটি প্রায় বিলীন হয়ে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কের ওপর শেরপুর সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করেছি। কিন্তু ভাঙন বা ধস যাই বলেন তা রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘এলাকাগুলো পরিদর্শন করেছি। ভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদনও পেশ করেছি। আশা করি, অচিরেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’