হারিয়ে যাচ্ছে ২০০ বছরের পুরোনো মাটির সামগ্রী
একসময় বাঙালির ঘরে ঘরে শোভা পেত মাটির পাতিল, বাসন, মটকাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আজ বিজ্ঞানের আধুনিক যুগে সে স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, সিলভার ও দস্তা। তাই এখন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ও বাগদিয়া পালপাড়ার পালদের মুখমণ্ডলে হতাশার ছাপ।সরেজমিনে জানা গেছে, পালপাড়ায় এখন আর আগের মতো মাটির বাসন-কোসন ও তৈজসপত্র বানানোর কাজ হয় না। অনেকে পৈতৃক পেশা ছেড়ে দিয়েছেন পেটের দায়ে।শংকর পাল আফসোস করে বলেন, ‘একসময় বনেদি মুসলিম পরিবারে এক থেকে ২০০ বাসন থাকত অতিথি আপ্যায়নের জন্য। আজ আমরা বাসন তৈরি করি না, আগের তুলনায় এখন চারের এক ভাগ কাজ হয়।’ ৬০ বছরের বৃদ্ধ মধুসূদন পাল বলেন, ‘পূর্বপুরুষেরা এই কাজ করত, তাই আমরাও করছি।’ মধুসূদন পালের তিন ছেলের মধ্যে দুই ছেলেই এখন আর এই পেশায় নেই। তাঁরা পড়াশোনা শেষে চাকরি করছেন বেসরকারি সংস্থায়। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কী করব, এ পেশায় লাভ নেই। বাইরে থেকে মাটি এনে চাক ঘুরিয়ে পুড়ে জিনিসগুলো তৈরিতে যে অর্থ ব্যয় হয় সে পরিমাণ লাভ পাওয়া যায় না।’অনেকে পেশা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। যে কয়টি পরিবার এখনো টিকে আছে, তাদের মূল উপার্জন এখনো মাটির জিনিস তৈরি ও বিক্রি করা। তবে তাদের আশঙ্কা, এ লড়াইয়ে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না। অন্যদের মতো পেশা বদল করে অন্য কোথাও যেতে হবে। এ পেশার কোনো ভবিষ্যৎ নেই ভেবে পালেরা তাদের সন্তান-সন্ততিদের ইতিমধ্যে দূরে সরিয়ে নিচ্ছেন। মধুসূদন পাল বলেন, ‘জ্যৈষ্ঠ মাসে বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে বছরের কাজ শুরু হয় পালদের। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দ্রুতগতিতে কাজ চলে। এরপর গতি কমতে থাকে। বৈশাখ মাসে পালদের পুরো বিশ্রাম। এ সময় চাক বন্ধ থাকে। এই এক মাস তাদের কাটে ঘুরে-ফিরে, বেড়িয়ে ও কীর্তন গেয়ে। পুর্বপুরুষদের করা অলিখিত ওই নিয়ম মেনেই চলছে পালদের সারা বছরের কাজ।পালদের তৈরি গৃহসামগ্রী কলসি, শরা, ঝাঁজরি, সাচ, পাতিল ও টালি পটুয়াখালী, বরগুনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এই পেশাকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারের উদ্যোগী ভূমিকা ও আর্থিক সহযোগিতা। শংকর পাল বলেন, ‘মাটির জিনিস পরিবেশের কোনো ক্ষতি করে না। সেদিক বিবেচনা করে আমাদের সহজশর্তে ঋণ দিয়ে পেশার প্রতি আগ্রহ সৃষ্টি করা উচিত।’