পরির রাজ্যের অমর শিল্পী হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ঊনবিংশ শতকে ড্যানিশ ভাষায় লিখে রেখে গেছেন স্নোকুইন, আগলি ডাকলিং, লিটল মারমেইড— শিশু-কিশোরদের জন্য অপূর্ব এক কল্পনার জগৎ । কী দোর্দণ্ড প্রতাপ ছিল এই স্ক্যান্ডিনেভীয় ভাষাটির—পৃথিবীর সব প্রধান ভাষায় অনূদিত হয়েছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। বাংলা ভাষাতেই কমপক্ষে ৫০ জনের হাতে অনূদিত হয়েছে তাঁর অদ্ভুত সব গল্প। সেই ড্যানিশ এখন ভালো নেই। সিন্ডারেলার পরিরা আর নেমে আসছে না।ড্যানিশরা অফিসে ঢোকার পরই যেন মাতৃভাষা ভুলে যান। কোনো কোনো কোম্পানির আচরণবিধি স্পষ্ট করে বলে দিয়েছে, ঘরের ভাষা কোম্পানিতে নয়; অফিসে কাজের ভাষা ইংরেজিতে কথা বলতে হবে।ড্যানিশ প্রকাশনা সংস্থার পরিচালক টিইউন অলসেন নিশ্চিত করছেন ডেনমার্কের বাজারে প্রতি ছয়টি বইয়ের একটি ইংরেজি, এই অনুপাতটি এখানেই থেমে থাকছে না; ইংরেজির দিকে পাল্লা ভারী হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। কিছুকাল পরই ড্যানিশ ভাষায় বই প্রকাশ করে আর লাভ করা যাবে না। লাভ না হলে প্রকাশক ড্যানিশ পাণ্ডুলিপি গ্রহণ করবেন না। ড্যানিশরা দেখছেন, বিশ্বায়ন মানে বাইরের মানুষের সঙ্গে হরদম কথা বলা। কথা তো আর ড্যানিশে নয়, ইংরেজিতে। কারণ, বাইরের মানুষ আর ড্যানিশ বলবে না। তাহলে বিশ্বায়নের ড্যানিশ প্রস্তুতি মানে আরও বেশি করে ইংরেজি শেখা। এ অবস্থাটি কেবল ডেনমার্কের জন্য নয়, অন্য ভাষার ক্ষেত্রেও তা-ই।ড্যানিশ ভাষা পরিষদের প্রধান নিলস ডেভিডসেন-নিলসেন বলেছেন, ভাষা তো কেবল যোগাযোগেরই মাধ্যম নয়, ভাষাই সংস্কৃতি এবং ইতিহাসও। ড্যানিশ ভাষা হাজার বছর ধরে বিকশিত হয়েছে, এর সমৃদ্ধ সাহিত্য রয়েছে, হাজার বছর ধরে এখানকার মানুষ এই ভাষার ভেতর দিয়ে, এই ভাষার অভিজ্ঞতা নিয়ে বেড়ে উঠেছে এবং বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে। এখন বিশ্বায়নের হুমকিতে সন্ত্রস্ত ডেনমার্কের ভাষা ও সংস্কৃতি।হ্যারি পটার জেঁকে বসেছে। ডেনমার্কের কিশোর-কিশোরীদের হাতে ইংরেজি হ্যারি পটার।ইউরোপীয় ইউনিয়নের দাপ্তরিক ভাষার একটি ড্যানিশ। ৫০ লাখ ডেনমার্কবাসী এই ভাষায় কথা বলে। এখন ডেনমার্কের বাইরে ড্যানিশ ভাষায় কেউ কথা বলছে, এমন আর শোনা যায় না। এমনকি ইউরোপেও ড্যানিশ ভাষা কেউ নেহাত বাধ্য না হলে লিখছেন না।মাতৃভাষায় লেখা বই থেকে সরে যাওয়ার আরেকটি কারণ, তুলনামূলকভাবে ইংরেজির চেয়ে ড্যানিশ বইয়ের দাম বেশি। সহজলভ্য ও স্বল্পমূল্যে প্রাপ্ত গ্রন্থই মানুষের হাতে, বাড়ির বুক শেলফে থাকবে। হটিয়ে দেবে ড্যানিশ ভাষার বই।নতুন প্রজন্মের ইংরেজি চর্চার আতিশয্য ভাবিয়ে তুলেছে—৫০ বছর পর ড্যানিশ ভাষা থাকবে তো?পরির রাজ্যের ভাষা হারিয়ে যাবে! কোনো শিশু রাজাকে বলবে না, রাজা, তোমার কাপড় কোথায়?হারিয়ে যাবে রাজকীয় মাঞ্চু ভাষামাঞ্চু ভাষার হারিয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার। অথচ এটাই ছিল রাজভাষা। চেঙ্গিস খান ১২১১ সালে মাঞ্চুরিয়া দখল করে নিলেন, বিদ্রোহী চীনারা মঙ্গোলদের ইউয়ান রাজবংশের পতন ঘটাল ১৩৬৮-তে, তারপর প্রতিষ্ঠিত হলো মিঙ্গ রাজবংশ। সপ্তদশ শতকে ক্ষমতায় এল কিঙ্গ (মাঞ্চু) রাজবংশ এবং ৩০০ বছর প্রবল দাপটের সঙ্গে রাজত্ব করল। তারপর জাপানের মাঞ্চুরিয়া বিজয়, মহাযুদ্ধের বিভীষিকা এবং সবশেষে মাঞ্চুরিয়ার তিনটি চীনা প্রদেশে বিভক্তিতে ক্রমেই মাঞ্চু ভাষা হারিয়ে ফেলে তার জৌলুস। অথচ ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মাঞ্চুই ছিল ঘোষিত সরকারি ভাষা, শিল্প ও সাহিত্যে প্রভুত্ব করেছে এ ভাষা। কিঙ্গ রাজবংশের পতনের সঙ্গে সঙ্গে ভাষাটির রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব হ্রাস পেতে শুরু করল।চীনে মাঞ্চুরিয়ানের সংখ্যা এখন ১০ কোটি; কিন্তু বলতে গেলে তাদের কেউই আর মাঞ্চু ভাষায় কথা বলে না। শেষ পরিসংখ্যানে ভাষাবিদেরা বের করেছেন, মাঞ্চু ভাষায় কথা বলে এমন মানুষের সংখ্যা ৭০ জনেরও নিচে গেছে আর তাদের সবাই বৃদ্ধ। তরুণ প্রজন্মে একজনও মাঞ্চুভাষী নেই। রাজকীয় ভাষাটির আয়ুষ্কাল মাঞ্চু ভাষা জানা শেষ বৃদ্ধটির আয়ুসীমা পর্যন্তই।