চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র মো. হারুন-অর রশিদ ওরফে কায়সার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা ধরতে পারেনি পুলিশ। তবে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিল।জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদউল্লাহ প্রথম আলোকে বলেন, হারুনের হত্যাকাণ্ড পরিকল্পিত। একাধিক ব্যক্তি এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তদন্ত শেষ হলে সবকিছু জানা যাবে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, গত ১১ ফেব্রুয়ারি নগরের ষোলশহর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র মহিউদ্দিনের হত্যাকারীদের সঙ্গে হারুনের হত্যাকারীদের যোগসূত্র থাকতে পারে।গত সোমবার সকালে চট্টগ্রামের চৌধুরীহাট ও সেনানিবাস স্টেশনের মাঝামাঝি বড়দীঘিরপাড় এলাকার রেললাইনের পাশ থেকে হারুনের লাশ উদ্ধার করা হয়। রোববার বিকেলে কম্পিউটার কোর্সের ক্লাস করতে তিনি শাহজালাল হল থেকে শহরে এসেছিলেন।মার্কেটিং বিভাগ: হারুনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা গতকাল উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে নগরের প্রেসক্লাবের সামনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, হারুনের স্মরণে মার্কেটিং বিভাগে আগামী শনিবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিলেও গতকাল ক্যাম্পাস ছিল ফাঁকা। শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তাঁদের অনেকেই ক্যাম্পাসে যাতায়াতে ভয় পাচ্ছেন বলে সাংবাদিকদের জানান। তা ছাড়া ছাত্রলীগের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও বাস সার্ভিস নির্ধারিত সময়ে ক্যাম্পাসে আসতে পারেনি। ফলে কোনো ক্লাস হয়নি।গত রোববার ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম ওরফে জুয়েলকে মারধরের প্রতিবাদে গতকালও শাটল ট্রেন-বাস চলাচল বন্ধ করে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।শিবিরের স্মারকলিপি: হারুনকে নিজেদের নেতা দাবি করে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির গতকাল বুধবার দুপুরে সাত দফা দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে হারুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করাসহ শাটল ট্রেনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক নেছার আহমেদ দাবি করেন, ‘ছাত্রলীগের কর্মীরা আমাদের মার্কেটিং বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনকে হত্যা করেছে।’