হারুনের আবেদন গ্রহণ, নতুন দায়িত্বে হাবীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের অব্যাহতির আবেদন গ্রহণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। ফোরামের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এবং লেখক-সাংবাদিক হারুন হাবীবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।গতকাল শুক্র ও আজ শনিবার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় সাধারণ সম্পাদক পদ থেকে হারুন-অর-রশীদের পদত্যাগের আবেদন নিয়ে আলোচনা হয়। এ সময় ফোরাম যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বিতর্কের ঊর্ধ্বে থাকে, সে জন্য এ অবস্থান গ্রহণ করায় তাঁর প্রতি সম্মান জানানো হয়।সভায় সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ এবং ফোরামের নেতা সি আর দত্ত, আবু ওসমান চৌধুরীসহ কার্যকরী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।এর আগে গত বুধবার সেক্টর কমান্ডারস ফোরাম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ। ডেসটিনি গ্রুপের সঙ্গে থাকায় তাঁকে জড়িয়ে সেক্টর কমান্ডারস ফোরামকে হেয় ও বিতর্কিত করার অপপ্রয়াস চলছে বলে তিনি আবেদনপত্রে উল্লেখ করেছিলেন।হারুন-অর-রশীদ ফোরাম থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিতর্কিত ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে বহাল রয়েছেন হারুন-অর-রশীদ।আবেদনে বলা হয়েছিল, প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সঙ্গে জড়িত। ফোরাম যুদ্ধাপরাধীদের বিচারে জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে। এতে এমন সব ব্যক্তি রয়েছেন, যাঁরা সশস্ত্র মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন।আবেদনে হারুন-অর-রশীদ বলেন, ‘ভিন্ন পরিচয়ে আমি ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট। কিন্তু কিছু গণমাধ্যম অপপ্রচার চালিয়ে গণমানুষের ভালোবাসার প্রতিষ্ঠান ডেসটিনির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে। ফোরামকে বিতর্কিত করার অপপ্রয়াসও লক্ষ্য করছি। ফোরামকে জড়িয়ে আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে। এটি ফোরাম ও আমার ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা বলেই আমি বিশ্বাস করি।’ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট আবেদনে বলেন, ‘ফোরাম ও আমাকে জড়িয়ে বিরূপ মন্তব্যের কারণে সেক্টর কমান্ডারস ফোরামের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। আমার কারণে ফোরামের সামান্যতম ক্ষতি হোক, তা কখনোই আমার কাম্য নয়। এ কারণেই ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।’ এই অব্যাহতির মধ্য দিয়ে তাঁকে জড়িয়ে ফোরামকে বিতর্কিত করার অপপ্রয়াস বন্ধ হবে বলে তিনি মনে করেন।