হারুনের পদক পাওয়া পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে
উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ রাষ্ট্রীয় পদক পাওয়ার সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক । এর বিরোধিতা করে তিনি বলেন, ‘এই পদক পুলিশ বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং তা থেকে উত্তেজনা বা অসন্তুষ্টির ঘটনা ঘটতে পারে।’ এই পদক দিয়ে পুলিশ বাহিনীর সম্মানহানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল ফোরাম নামের একটি সংগঠনের এক সমাবেশে ফারুক এসব কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। খবর ইউএনবির।২০১১ সালের ৬ ও ৭ জুলাই বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকাল সাড়ে সাতটার দিকে পুলিশের সঙ্গে ফারুকের হাতাহাতির ঘটনা ঘটে। এতে একপর্যায়ে পুলিশের লাঠির আঘাতে ফারুক আহত হন। ওই ঘটনায় দায়ের করা মানহানির মামলাও খারিজ করে দিয়েছেন আদালত।আজ এডিসি হারুন পুলিশের রাষ্ট্রীয় পদক পেয়েছেন। এরই প্রতিক্রিয়ায় ফারুক এসব কথা বলেন।যদি সরকার তত্ত্বাবধায়ক-ব্যবস্থা ফিরিয়ে না আনা হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক।ফোরামের সভাপতি মনিরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ জেরিন খান।