হারের কথা মনেই হয়নি ম্যাথুসের
লক্ষ্য মাত্র ২১৮। উদ্বোধনী জুটির ৪০ রানের পর দ্বিতীয় উইকেটে ১০২ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে আরেকটি একতরফা জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন দিলশান-সাঙ্গাকারা জুটি। কিন্তু হঠাৎই ছন্দপতন। ১৬০ থেকে ১৮৫—২৫ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে যাওয়ায় প্রেমাদাসার মরা ম্যাচে ফিরে আসে উত্তেজনা। জয়ের একটা হাতছানি দেখে উজ্জীবিত হয়ে ওঠে নিউজিল্যান্ডের বোলাররা। শ্রীলঙ্কা শিবিরেও কি হারের শঙ্কাটা বাতাস লাগায়নি?অন্যদের মনের কথা বলা মুশকিল। তবে শ্রীলঙ্কা হারতে পারে, এটা কখনোই মনে হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুসের। তাঁর শুধুই মনে হয়েছে, শ্রীলঙ্কার মাটিতে এটা চ্যাম্পিয়ন মুরালিধরনের শেষ ম্যাচ। কিংবদন্তি মুরালিধরনের ম্যাচে শ্রীলঙ্কাই জিতবে।ফিল্ডিং করতে গিয়ে উরুতে চোট পেয়ে মাঠ ছেড়ে ম্যাথুস পরে আর ফিরে এসে বোলিং করতে পারেননি। ব্যাটিংয়ে আচমকা ওই নাটকীয়তা না ঘটলে চোট নিয়ে তাঁকে ব্যাটিংয়েও নামতে হয় না। কিন্তু দলের প্রয়োজনে ব্যাট হাতে নিয়েছেন। প্রেমাদাসায় চাপা একটা উত্তেজনার মধ্যে মাহেলা জয়াবর্ধনেকে রানার নিয়ে ম্যাথুস উইকেটে যোগ দেন সামারাবীরার সঙ্গে। কিউইরা একটু চেপে ধরেছিল বটে, তবে কিউইদের ম্যাচে ফেরানোর নায়ক টিম সাউদিকে ১ ওভারেই ছক্কা এবং ৪ মেরে সব শঙ্কা ঘুচিয়ে দেন ম্যাথুসই।‘আমার কখনোই সংশয় ছিল না। কারণ, আমি সব সময়ই ভেবেছি, আমরা জিততে যাচ্ছি।’ ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন অলরাউন্ডার ম্যাথুস। আগের ম্যাচে ইংল্যান্ডকে সহজে হারালেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হঠাৎই শ্রীলঙ্কান ইনিংসে ছন্দপতন কেন? কারণ চাপ, বলছেন ম্যাথুস। সেমিফাইনাল শেষে এখন ফাইনাল। দৃঢ়চেতা ম্যাথুস আশাবাদী, চোট তাঁকে শনিবারের ফাইনালে খেলা থেকে বিরত রাখতে পারবে না।রানার নিয়ে মাঠে নেমে খুব বড় কিছু করেননি ম্যাথুস। তবে ১ ছক্কা ১ চারে ১৮ বলে অপরাজিত ১৪ রান করেই প্রমাণ করেছেন, পরিস্থিতি যতই ঘোলাটে হোক, ঠান্ডা মাথায় কাজ শেষ করতেই ভালোবাসেন তিনি। ২০০৮ সালে অভিষেকের পর দলে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। তবে এই বিশ্বকাপে ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগই পাচ্ছিলেন না। পরশু ছোট্ট হলেও সেই সুযোগ পেয়ে এবং তা কাজে লাগাতে পেরে তিনি তৃপ্ত। তবে শ্রীলঙ্কার জয় তাঁকে বেশি খুশি করেছে মুরালিধরনের কারণে। কণ্ঠে তাই মুরালি-প্রশংসা, ‘সে স্রেফ কিংবদন্তি। বিশ্বের সেরা স্পিনার।’ ওয়েবসাইট।