হারের ময়নাতদন্ত তুলে আনল অনেক ‘যদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা বাংলাদেশ কোথায় হারল?সাকিব অধিনায়কের দৃষ্টিকোণ থেকে একাধিক কারণ খুঁজে পেলেন— মাঝের ওভারগুলোতে বোলিং ভালো হয়নি। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। আশরাফুল বা তাঁর মধ্যে অন্তত একজন ২০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেননি।শুরুর দুটি কারণও গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত শেষটিকেই মনে হচ্ছে আরেকটি পাকিস্তান-বধ কাব্য অলিখিত থাকার মূল কারণ।মাঝের ওভারগুলোতে বোলিং আসলেই ভালো হয়নি। প্রথম ৮ ওভারে ৬১ রান। পরের ৭ ওভারে ৭৭। আবার এটাও তো সত্যি যে, হাতে ১০ উইকেট নিয়ে শুরু করেও শেষ ৫ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে ৩৪। ওখানে না হলে হয়তো এখানে হতো।ব্যাটিংয়ের শুরুটা অবশ্যই এর চেয়ে খারাপ হওয়া কঠিন ছিল। প্রথম ওভারেই ইমরুল কায়েস আউট। হাতের ব্যথায় কাতর তামিম ইকবাল ষষ্ঠ ওভারে মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ উপহার দেওয়ার সময় স্কোরবোর্ডে ৩১।তার পরও তো হয়েই যাচ্ছিল! শনিবার বোশেজোতে বাংলাদেশের সুপার এইটে ওঠার স্বপ্ন যে একরকম শেষই হয়ে গেল, সেটির কারণ আসলে আশরাফুল বা সাকিবের মধ্যে কারও শেষ পর্যন্ত থাকতে না পারাই।এই উইকেটে ১৭২ রান অনেক। সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই মহেন্দ্র সিং ধোনি বলে গেছেন, কেউ হঠাৎ আসুরিক কিছু করে না ফেললে এখানে এক শ ষাট-টাটের বেশি হওয়া কঠিন। তার মানে তো পাকিস্তান ১৭২ করার পরই ম্যাচ শেষ! আশরাফুল-সাকিবের ৯১ রানের জুটিটি তা মনে করতে দিচ্ছিল না। ১২ থেকে ১৪—এই তিন ওভারে ৪০ রান (১০+১৩+১৭) আসার পর শেষ ৬ ওভারে বাংলাদেশের লাগত ৫৯ রান। ৩৬ বলে ৫৯—হাতে ৮ উইকেট, টি-টোয়েন্টিতে কোনো ব্যাপার নাকি!ব্যাপার হয়ে গেল, কারণ এ সময়ই তুরুপের তাসটি খেললেন আফ্রিদি। আগের ওভারেই হাফিজের এক ওভারে দুই ছক্কা মেরেছেন সাকিব। এর আগের ওভারে নিজেই আশরাফুলের এক ছয় ও এক চারের শিকার। স্পিন দিয়ে হবে না বুঝে ফেলেছেন। আফ্রিদির সিদ্ধান্ত নেওয়ার ছিল একটাই—সামি না আমির?শেষ পর্যন্ত সামি। আশরাফুলের করা পরাজয়ের ময়নাতদন্তে এর আগে-পরের সব তুচ্ছ হয়ে বড় হয়ে উঠছে এটাই—‘ওই একটা ওভারেই ম্যাচটা হাত ফসকে গেল। ৩ রান দিয়ে ২ উইকেট—ধেত্!’এই ম্যাচেই মোহাম্মদ সামির আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। প্রথম ২ ওভারে ১৯ রান দিয়ে উইকেটশূন্য ফাস্ট বোলার আসিফকে বসিয়ে রেখে সেই অভিষেকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব ও মাহমুদউল্লাহকে তুলে নেওয়াটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সঙ্গে তা মুছে দেওয়ার কাজটাও করল।আশরাফুল দারুণ কিছু শট খেলার পাশাপাশি অকারণ ইম্প্রোভাইজেশনের পাগলামিও করেছেন অনেকবার। সাকিব সে তুলনায় অনেক বেশি নির্ভরতার ভরসা দিচ্ছিলেন। ব্যাটে বলও লাগছিল দারুণ। সামিকে ছয় মারতে গিয়ে তাঁর লং অফে ক্যাচ হয়ে যাওয়াটাকেই তাই বাংলাদেশের পথ হারিয়ে ফেলার সূচনা মনে হচ্ছে।আশা হয়ে তখনো ছিলেন আশরাফুল। বল-রানের ব্যবধান বাড়তে বাড়তে সমীকরণটা একসময় ১৪ বলে ৩৩। কঠিন, তবে অসম্ভব বলে মনে হচ্ছিল না আশরাফুল অনেক অনেক দিন পর ম্যাচ উইনারের রূপে ফেরায়। আমিরকে স্কুপ করতে গিয়ে আশরাফুলের ইনিংসের অপমৃত্যুর পর বাকি ১৩ বল ছিল শুধুই আনুষ্ঠানিকতা। চাইলে পুরস্কার বিতরণীটা তখনই সেরে ফেলা যেত!আশরাফুল ছিলেন ম্যাচজুড়েই। পাকিস্তানের ইনিংসে দুই ওপেনার যে টি-টোয়েন্টির উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ ১৪২ রান তুলে ফেলল, তাতেও তাঁর খানিক অবদান আছে। তৃতীয় ওভারে মিড অনে ক্যাচ দিয়েছিলেন আকমল। জুটিতে তখন মাত্র ২১, আশরাফুল বলের গতিপথটা আন্দাজ করতে না পেরে বলে হাতও লাগাতে পারেননি। ম্যাচ শেষে বোলার মাশরাফির কাছে এটাকেও ‘খুব বড়’ বলে মনে হচ্ছে, ‘আশরাফুল ক্যাচটা নিতে পারলে ঘটনা অন্যরকম হতো।’হয়তো হতো, হয়তো হতো না। তখন হয়তো আফ্রিদি-রাজ্জাকদের কেউ একটা ঝোড়ো ইনিংস খেলে দিতেন।টি-টোয়েন্টি খুব মজার খেলা। একটু ক্লোজ ম্যাচ হলে এখানে ‘যদি’র জয়জয়কার শুরু হয়ে যায়। মাশরাফি যেমন এমন অনেক ‘যদি’ খুঁজে পেলেন—‘যদি আমি শেষ ওভারে ওই ছয়টা না খেতাম, যদি রাজ্জাক অমন পচা একটা বল করে ছয় না খেত...’ দুই ছয়ে ১২ রান। যা না হলে পাকিস্তানের রান হয় ১৬২, শেষ ৬ ওভারে বাংলাদেশের লাগে ৪৭, তখন অত ঝুঁকিও নিতে হতো না। মাশরাফির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যাই পাওয়া গেল।শুনতে শুনতে মাশরাফিকে গ্রামবাংলার একটা প্রবাদের কথা মনে করিয়ে দিতে ইচ্ছে করছিল—‘যদির কথা নদীতে ফেলো’।চাইলে এমন ‘যদি’ তো কতই খুঁজে পাওয়া যায়! যদি আশরাফুল অকারণ রিভার্স সুইপ খেলার কারণে আগেই আউট হয়ে যেতেন...যদি আফ্রিদি আফ্রিদির মতো ১০-১২টা বল লাগাতে পারতেন...যদি শফিউল অমন দুর্দান্ত বোলিং (৪ ওভারে ২৫) না করতেন...সব ‘যদি’র শেষে থাকে শুধু পরাজয়, ২ উইকেট আর ৩ রানের সামির ওই ওভার।