হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি পর্যবেক্ষণ শুরু
পদ্মা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) পাঁচ সদস্যের প্রতিনিধি দল কুষ্টিয়ার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি পর্যবেক্ষণ শুরু করেছে। প্রতিনিধি দলটি আগামী মে মাস পর্যন্ত ভেড়ামারায় অবস্থান করে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পদ্মা নদীর পানির প্রবাহ পর্যবেক্ষণ করবে। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ভারত পক্ষের প্রতিনিধিরা হলেন, ভারতীয় জল ও বিদ্যুত্ মন্ত্রণালয়ের উপপরিচালক শ্যাম নারায়ণ সিং ও সহকারী পরিচালক সুনিল কুমার সিনহা। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান। ভারতের মতো বাংলাদেশের চার সদস্যের একটি প্রতিনিধি দল ফারাক্কা বাঁধ এলাকায় রয়েছে। তারাও পানির প্রবাহ পর্যবেক্ষণ করছে।শুষ্ক মৌসুমে গঙ্গা নদীর পানি ভাগাভাগির লক্ষ্যে ১৯৯৬ সালে বাংলাদেশ ভারত সরকারের সঙ্গে ৩০ বছর মেয়াদি পানিচুক্তি করে। চুক্তি অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত সময়কে শুষ্ক মৌসুম হিসেবে অভিহিত করে প্রতিটি মাসকে তিন চক্রে ভাগ করা হয়েছে।