হার্ভার্ডে অসদুপায়ের অভিযোগের তদন্ত শুরু
বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রায় ১২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষায় অসদুপায়ের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। গত বছর ওই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এ বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এত বড় কেলেঙ্কারির অভিযোগ এর আগে আর শোনা যায়নি। বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অসততা কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে কাজ করছে তদন্তকারী দল। খবরে বলা হয়, গত বছর অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় ২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেকের উত্তরপত্রে একই ধরনের লেখা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা যৌথভাবে তাঁদের উত্তরপত্র লিখেছেন। হার্ভার্ডের স্নাতক পর্যায়ের ডিন জে হ্যারিস এ ঘটনাকে অভূতপূর্ব বলে অভিহিত করেন। তিনি বলেন, এই অসাধুতার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ ওঠা সব শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যে যোগাযোগ করেছে। এ ব্যাপারে তাঁদের সঙ্গে পৃথকভাবে কথা বলবে তদন্তকারী দল। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার হতে পারেন। একই সঙ্গে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।