হাল ছাড়ি না বন্ধু
চল্লিশ দিন বয়সী বাচ্চা নিয়ে কলেজে এসেছেন শারমিন সুলতানা। এত ছোট ছেলেকে নিয়ে ক্লাস করতে পারেন না। তাই ছেলেকে রাখার জন্য এনেছেন ছেলের নানাকে।বিবিএস পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন। কলেজে ভর্তির পরেই বিয়ে হয়ে যায়। এরপর কোল আলো করে আসে সন্তান। কিন্তু লেখাপড়া ছেড়ে দেননি। পরিবারের সহযোগিতা আর নিজের ইচ্ছাতেই নিয়মিত লেখাপড়া চালাচ্ছেন। আর মেয়েকে সাহায্য করতে নাতিকে কোলে নিয়ে ওয়েটিং রুমে বসে থাকেন নানা।আসমা আক্তারের বিয়ে হয়ে যায় বিএ ফাইনাল ইয়ারে পড়ার সময়। ফাইনাল পরীক্ষা চলাকালে ছিলেন অন্তঃসত্ত্বা। একটানা চার ঘণ্টা বসে পরীক্ষা দিতে অনেক কষ্ট হতো। কিন্তু ইচ্ছাশক্তি আর স্বামীর সহযোগিতায় ভালোভাবে পাস করে যান। ছয় মাস বয়সী ছেলেকে নিয়ে কলেজে এসেছেন এমএ ভর্তির খোঁজ নিতে। ইচ্ছে আছে, বিএড করে স্কুলশিক্ষক হবেন। তবে যেকোনো সরকারি চাকরি হলেও করবেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘সরকারি চাকরি করলে পরিবারে বেশি সময় দিতে পারব। সন্তানকে সময় দিতে পারব।’ ছেলেকে রাখার জন্য বাড়িতে শাশুড়ি সাহায্য করেন। তাই সমস্যা হয় না। সন্তানকে কোলে নিয়ে কিংবা সন্তানের হাত ধরে ক্যাম্পাসে আসা ও ক্লাস করার দৃশ্য প্রায় সব সময়েই চোখে পড়ে ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে। তৃতীয় বর্ষে পড়া অবস্থাতেই এক-তৃতীয়াংশ ছাত্রীর বিয়ে হয়ে যায় পরিবারের ইচ্ছায়। এরপর আসে সন্তান। একটা সংকটে পড়ে যান বিবাহিত ছাত্রীরা। কেউ বা থমকে যান, আবার কেউ কেউ নিজের ইচ্ছার জোরে চালিয়ে যান লেখাপড়া। পরিবারের সহযোগিতা থাকলে সমস্যাটা কম হয়। কিন্তু সব সময় পরিবারের সহযোগিতা পাওয়া যায় না। পরিবারের অসহযোগিতায় অনেক বেশি বাধাগ্রস্ত হন বিবাহিত ছাত্রী-মায়েরা।তেমনই একজন শায়লা। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী শায়লার বিয়ে হয়ে যায় প্রথম বর্ষে থাকতেই। প্রথম বর্ষের পরীক্ষা শেষ করতে না-করতেই মা হন। বাচ্চাকে সময় দিতে হবে—এই অজুহাতে লেখাপড়ার বাধা আসতে থাকে পরিবার থেকে। ইচ্ছা থাকলেও নিয়মিত ক্লাস করতে পারেন না। বাড়িতে সেভাবে লেখাপড়ার সময় বের করে নিতে পারেন না। তবু মনের জোরে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেন এবং পাস করে যান। এখন তৃতীয় বর্ষে পড়লেও চিন্তিত আছেন— লেখাপড়া শেষ করতে পারবেন কি না। কারণ, স্বামীর পরিবারে আর্থিক সচ্ছলতা থাকলেও মানসিক সচ্ছলতা নেই। তাই পরিবার থেকে লেখাপড়ার খরচ চালাবেন না বলে জানিয়ে দিয়েছেন শাশুড়ি। এ জন্য শায়লার লেখাপড়ার খরচ চালান তাঁর মা। মেয়েকে বাসায় রেখে এলে সমস্যা হয়। তাই যেদিন কলেজে আসেন, সেদিন মেয়েকে নিয়েই আসেন। মেয়েকে পাশে বসিয়ে ক্লাস করেন। লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা শায়লার। কারণ, শায়লা মনে করেন, মেয়েদের আর্থিক স্বাধীনতা খুব দরকার। আর নিজের মেয়েকে সুস্থ মানসিকতায় গড়ে তুলতে চান।নিজের অনিচ্ছাতেও এইচএসসিতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায় বরিশালের সাবিনা ইয়াসমীনের। এরপর স্বামীর সঙ্গে ঢাকায় আসা। এইচএসসি পাস করে ভর্তি হন ইডেন কলেজে। ফাইনাল পরীক্ষা যেদিন শুরু হয়, সেদিন মেয়ের বয়স নয় দিন। মেয়ে জারাকে রেখে পরীক্ষা দিতে কষ্ট হলেও সমস্যা হয়নি। কারণ, পরীক্ষা চলাকালে স্যারদের বলে এক ঘণ্টা পরপর বাইরে এসে বাচ্চাকে খাওয়ান। এ ক্ষেত্রে স্বামীর সহযোগিতা অনেক পেয়েছেন সাবিনা। নয় মাস বয়সী মেয়ে জারাকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন মাস্টার্সে ভর্তির খোঁজ নিতে। প্রায়ই মেয়েকে নিয়ে কলেজে আসেন। দুজনেরই সময় ভালো কাটে। মেয়েকে নিয়ে ক্লাস করতে সমস্যা হয় না। তবে একটু আক্ষেপ আছে সাবিনার। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞানের ছাত্রী ছিলাম। ইচ্ছা ছিল, বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে পড়ি। কিন্তু সংসার সামলে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই অপেক্ষাকৃত সহজ বিষয় নিয়ে পড়ছি, যাতে প্রাইভেট পড়তে না হয় এবং নিয়মিত ক্লাস না করলেও চলে।’ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজে বাচ্চাসহ মায়েরা অনেক সহজেই লেখাপড়া চালিয়ে যেতে পারেন, যা অন্য বিশ্ববিদ্যালয়ে/কলেজে সম্ভব হয় না। এ জন্য বিয়ের পর নিজের ইচ্ছা, পরিবারের সহযোগিতার পাশাপাশি দরকার হয় কলেজের শিক্ষকদের সহযোগিতা। দুটি কলেজেই ছাত্রীরা এই সহযোগিতাটুকু পেয়ে থাকেন। ইডেন কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘অনেক বিবাহিত মেয়ে এখানে পড়ে, যারা বিয়ের পর এখানে ভর্তি হয়েছে; আবার অনেকের ভর্তির পর বিয়ে হয়ে যায়। বিবাহিত বেশির ভাগ মেয়েই সব ক্লাস করতে পারে না। নিয়ম অনুযায়ী ৭০ শতাংশ উপস্থিতি থাকার কথা থাকলেও তাদের উপস্থিতির হার তা থাকে না। নিয়ম না থাকলেও আমরা তাদের পরীক্ষায় বসার সুযোগ দিই। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে আমরা সহযোগিতাটুকু করে থাকি, যাতে বিয়ের কারণে তাদের লেখাপড়া বন্ধ না হয়ে যায়।’