হাল ছেড়ো না বন্ধু
গত ১৯ অক্টোবর প্রথম আলোর নারীমঞ্চের ‘হাল ছাড়ি না বন্ধু’ বিশেষ এ লেখা পড়ে মনে পড়ে গেল আমার পেছনের সময়কার কথা। সেই নব্বইয়ের দশকে হাইস্কুলে ওঠার পরপরই আমার জীবনে বিবাহিত লুবনা হয়ে যাওয়া, এরপর স্কুলজীবন শেষ করার আগেই মা হয়ে যাওয়া ও সঙ্গে সঙ্গে পড়াশোনার পাঠ শেষ করার সময়কার সংগ্রামের গল্প, যা আজ নিজের কাছেই একাধারে অবিশ্বাস্য এবং গর্বের বলে মনে হয়। আমার সে সময়কার লড়াইয়ের গল্পের অংশবিশেষ ২০০২ সালে প্রথম আলোর ছুটির দিনের ১৭২ সংখ্যায় ‘ঘর মন জানালা’ বিভাগে ‘লড়াই’ শিরোনামে প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, আজ তোমাদের শোনাব আমার গল্পের সফল পরিসমাপ্তির অংশটি। আমি মাস্টার্স শেষ করে আজ ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত। কলেজ-জীবনটা উপভোগ করতে পারিনি বলে মনে যে কষ্ট ছিল, সৃষ্টিকর্তা সেই জীবনের সঙ্গে তারুণ্যের উচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে আমাকে আমার হারিয়ে যাওয়া সময়কে ফিরিয়ে দিয়েছেন। চলার পথে বাধা তো থাকবেই।তবে আমার পাশে আমার স্বামী যেভাবে ছায়াসঙ্গী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে ছিল, তেমনি আজও আছে, থাকবে ইনশাআল্লাহ। এখন ভাবতে ভালো লাগে, আমার সন্তানেরাও চাইলে তাদের মায়ের একটা পরিচয় দিতে পারবে। কাজেই বিবাহিত মানেই বিয়ের মাধ্যমে জীবনের পরিসমাপ্তি নয়। আরও নতুনভাবে শুরু। আমি যদি পারি, তবে তোমরাও পারবে। হাল ছেড়ো না বন্ধু—তোমাদের স্বপ্ন বাস্তবায়নের সেই দিন খুব বেশি দূরে নয় নিশ্চয়ই।লুবনাপ্রভাষক, যুক্তিবিদ্যা, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ