হাল ফ্যাশনের প্রদর্শন
‘ছোটবেলায় বিদেশি ম্যাগাজিন দেখতাম আর ভাবতাম, আমি যদি এমন হতে পারতাম। মডেলিংয়ের শখটা আসে আসলে সেখান থেকেই। এরপর কীভাবেই যেন জড়িয়ে গেলাম এই মাধ্যমে। বলা যেতে পারে, একসময়ের নেশা যেন আজ পেশায় রূপ পেয়েছে’—বলছিলেন বুলবুল টুম্পা, যিনি ১২ বছর ধরে র্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত। তিনি র্যাম্প ও বিলবোর্ড মডেলিংয়ের পাশাপাশি কোরিওগ্রাফার ও র্যাম্পের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। অন্যদিকে স্কুল পেরিয়ে কলেজে উঠেই মডেলিংয়ের সুযোগ পেয়ে যান সাবনাজ সাদিয়া ইমি। র্যাম্প মডেল হিসেবেই তিনি বেশি পরিচিত। তবে টিভি মডেলিং, বিলবোর্ড আর ম্যাগাজিনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। একই সঙ্গে পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এসব তথ্য জানানোর ফাঁকে খানিকটা ব্যস্ত হয়ে ওঠেন ইমি ও টুম্পা। কিছুক্ষণ বাদেই আলো ঝলমল স্টেজে উঠে ক্যাটওয়াক করতে হবে যে। রয়েছে এরই প্রস্তুতি।আজকাল নগর ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে এই মডেলিং। তরুণ প্রজন্মের মধ্যে মডেলিং নিয়ে কাজ করে এক ধরনের আকর্ষণ—হোক না তা স্টেজে একটা শো কিংবা পত্রিকার পাতায় একটা ছোট ছবি। তরুণ প্রজন্মের আগ্রহের জায়গাটা বিবেচনা করে নগরে গড়ে উঠেছে বেশ কিছু মডেলিং শেখানোর প্রতিষ্ঠান। খুব বড় পরিসরে বা দীর্ঘ সময়ের জন্য না হলেও অনেকেই ছুটছে এসব প্রতিষ্ঠানের দিকে।মডেলিং করার আগে মৌলিক কিছু বিষয় শিখে নেওয়াটা জরুরি বলে মনে করেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর সেরা চার নাজিয়া হক অর্শা। তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আজকাল অনেকেই শখের বশবর্তী হয়েই মডেলিং করছেন। তবে মডেলিং আমার ভালোবাসার জায়গা।’ নিজেকে মডেল হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করা ফয়সাল ওমর মৃত্তিক বলেন, ‘পড়াশোনা করেছি দেশের বাইরে। তখনই চিন্তা ছিল, দেশে ফিরে মডেলিং করব। এরপর র্যাম্প এন রোল নামের একটি প্রতিষ্ঠান থেকে মডেলিংয়ের মৌলিক কিছু বিষয় সম্পর্কে ধারণা নিই। এর পরই মিলে যায় র্যাম্প মডেলিংয়ের সুযোগটা। উত্তরায় অবস্থিত মডেলিং শেখানোর প্রতিষ্ঠান র্যাম্প এন রোলের প্রধান নির্বাহী আজিজ সোহেল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মডেলিং সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিতে চাই। ক্যাটওয়াক, পোশাক, মেকআপ, মুখের ভাব, উপস্থাপন-পদ্ধতি, শরীরের ফিটনেস, খাদ্যাভ্যাস বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করি। আর একজন শিক্ষার্থীকে ভালো প্রতিষ্ঠানের খোঁজখবর নিয়ে তবেই প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন মডেলিং শেখার প্রতিষ্ঠান স্নাপশটের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক বুলবুল টুম্পা।নগরের বড় বড় বিলবোর্ডে আড়ংয়ের পোশাকের বিজ্ঞাপনে কিছু মডেলকে দেখা যায়। আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই বলেন, ‘পণ্য বাজারজাতকরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন মডেলরা। আমরা যে কেবল জনপ্রিয় মডেলদের প্রাধান্য দিয়ে থাকি তেমনটা কিন্তু নয়। আমরা খেয়াল করি, আমাদের পণ্যটা কারা সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবেন।’মডেলিংয়ের যতগুলো ধাপ রয়েছে, তার প্রথম ধাপে থাকে যিনি মডেলিং করতে চাইছেন, তাঁর ‘ফটোফেস’ কেমন? আর তাই ফ্যাশন ফটোগ্রাফার দিয়ে অনেকেই ছবি তুলিয়ে থাকেন। এরপর সেই ছবি বিজ্ঞাপন নির্মাতাদের কাছে পাঠানো হয়। খ্যাতনামা মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ জানালেন, অনেকেই এখন মডেল হওয়ার লক্ষ্য নিয়ে ছবি তুলতে আসছেন।দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন নির্মাণের কাজ করছেন অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, ‘আজকে মডেলিংয়ের যে অবস্থা, এমনটা কিন্তু আজ থেকে ২০ বছর আগে ছিল না। আমরা মডেল খুঁজতে বের হতাম। বলা যেতে পারে, যেন বিয়ের কনে খুঁজতে বেরিয়েছি। তবে সময়ের পালাবদলে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলেছে। আজকাল মা-বাবারা ছেলেমেয়েদের উৎসাহের সঙ্গে তাল মেলাচ্ছেন।’ তবে তিনি মনে করেন, মডেলিংয়ে কাজের মান কিছুটা নেমে গেছে। এখন কাজের মানের চেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কে কয়টা কাজ করল তার ওপর। আফজালের প্রত্যাশা, এ মাধ্যমে মেধাবী নতুনেরা আসুক, যাতে এ শিল্পের জায়গাটা আরও জোরালো হয়।