এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২২ মার্চ এসেছিলেন এইচআর কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সাউদ বিন মাসুদ। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। চাকরি ও পেশাগত উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেনকথাবন্ধু: এইচআর কাইটস কী ধরনের কাজ করে? সাউদ বিন মাসুদ: বাংলাদেশে পরিবর্তনের একটি নতুন ধারা নিয়ে এসেছে এইচ আর কাইটস। এটি মূলত একটি টিম বা দল। দেশে বা বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেই লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এইচ আর কাইটস। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরও বেশি উন্নত করা যায় সে বিষয়ে এইচ আর কাইটস কাজ করে থাকে। এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। সৃজনশীলতার মাধ্যমে এইচ আর কাইটস মূলত কাজ করে যাচ্ছে। এ ছাড়া আমরা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া, পেশাগত প্রশিক্ষণ, কর্মকর্তাদের যোগ্যতা উন্নয়ন ও সমস্যা সমাধান নিয়েও কাজ করছি। কথাবন্ধু: বাংলাদেশে চাকরির বাজারের অবস্থা এখন কেমন?সাউদ বিন মাসুদ: বাংলাদেশে এ বছরের জন্য চাকরির বাজার খুবই ভালো। দেশের সব প্রতিষ্ঠানই এ মুহূর্তে এগিয়ে রয়েছে। বিদেশ থেকেও অনেক উদ্যোক্তা আসছেন। বিনিয়োগ করছেন। একই সঙ্গে দেশি প্রতিষ্ঠানগুলোও বড় হচ্ছে। নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। চাকরির বাজারও অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ছে। কথাবন্ধু: বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কী ধরনের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে? সাউদ বিন মাসুদ: প্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের কাছে বিশ্বাস চায়। যে তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারবে। পেশাকে ভালোবেসে নিজের ইচ্ছে থেকে এসেছে কি না। একই সঙ্গে প্রার্থী প্রশিক্ষিত কি না—এসব দেখা হয়।আপনি প্রতিষ্ঠানকে কতটুকু দিতে পারবেন। একই সঙ্গে যোগ্যতা এবং দক্ষতা দিয়ে ভবিষ্যতে আপনি প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করতে পারবেন কি না তাও যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির স্বপ্নের সঙ্গে আপনি নিজের স্বপ্নকে এগিয়ে নিতে কতটা পরিশ্রমী হতে পারবেন তাও কিন্তু দেখা হয়। কথাবন্ধু: রেফারেন্স অর্থাৎ তথ্যসূত্র ছাড়া চাকরি পাওয়া অসম্ভব—কথাটি কতটুকু যুক্তিযুক্ত? সাউদ বিন মাসুদ: সঠিক তথ্যসহ জীবনবৃত্তান্ত অবশ্যই নির্ভুল হতে হবে। এ জন্য জীবনবৃত্তান্তের সঙ্গে সমন্বয়ের জন্য রেফারেন্স বা তথ্যসূত্রের প্রয়োজন হয়। আপনার দেওয়া তথ্যগুলো সঠিক কি না তা যাচাই করার জন্যই মূলত রেফারেন্স বা তথ্যসূত্র উল্লেখ করা হয়। তবে রেফারেন্স দিয়েই চাকরি হচ্ছে বা হয় এটা কখনোই ঠিক নয়। আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার সবচেয়ে বড় রেফারেন্স। যাঁরা ওপরে ওঠার জন্য স্বপ্ন দেখেন, তাঁদের সব সময় ভাবতে হবে আপনি নিজেই আপনার রেফারেন্স। কথাবন্ধু: যাঁরা সদ্য স্নাতক, কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, তাঁদের ক্ষেত্রে করণীয় কী? সাউদ বিন মাসুদ: যাঁরা নিজের ইচ্ছায় পড়াশোনা করছেন, তাঁদের চাহিদাই সবচেয়ে বেশি। নিজের ইচ্ছে থেকে যাঁরা পড়াশোনা করেন, তাঁদের পেশায় যোগ্যতা এবং দক্ষতা দ্রুততার সঙ্গেই বাড়ে। তবে তাঁদের জন্য প্রশিক্ষণও প্রয়োজন। কথাবন্ধু: এ জন্য আলাদা প্রশিক্ষণের প্রয়োজন আছে কি?সাউদ বিন মাসুদ: পেশা শুরুর আগে নিজেকেই ঠিক করতে হবে আপনি কতটুকু চান এবং প্রতিষ্ঠানকে কতটুকু দিতে পারবেন। এ জন্য স্নাতক হওয়ার পর এমন কোনো প্রশিক্ষণ নেওয়া উচিত যা আপনাকে পরিপূর্ণ দক্ষ হয়ে উঠতে সাহায্য করবে। ব্যবস্থাপনা, কথা বলা, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার, ইংরেজি ভাষায় দক্ষতা ইত্যাদি প্রশিক্ষণ নেওয়া উচিত। কথাবন্ধু: একজন চাকরিপ্রার্থী সাক্ষাৎকার দিতে যাওয়ার আগে কোন দিকগুলোর প্রতি সতর্ক থাকবে? সাউদ বিন মাসুদ: বি ইওরসেলফ অর্থাৎ আপনি যা সেখানেও আপনি তা। অর্থাৎ নিজেকে নিজের মতো করে উপস্থাপন করতে হবে। ইন্টারনেট থেকে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।নিজের প্রতি দৃঢ় আস্থা থাকতে হবে। সৃজনশীলতা দিয়ে নিজের যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। অনেক বই পড়তে হবে। হাল ধরে রাখো, সফলতা আসবেই। কথাবন্ধু: অনেক সময় প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পান না, সে ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কি কোনো ভূমিকা রয়েছে? সাউদ বিন মাসুদ: এ জন্য অবশ্যই শিক্ষা এবং শেখা দুটোকেই এগিয়ে নিয়ে যেতে হবে। একজন প্রকৌশলীকেও কিন্তু হিসাবরক্ষক হিসেবে কাজ করতে হয়। একটি প্রতিষ্ঠানের সবকিছুই তাঁর জানতে হবে। সুতরাং বিষয়ভিত্তিক যোগ্যতা কখনোই প্রতিষ্ঠানের জন্য মুখ্য নয়। আপনি কতটুকু দিতে পারবেন তার ওপরই আপনার যোগ্যতার বিচার হবে। কথাবন্ধু: চাকরির বাজারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মধ্যে কোনটির বেশি চাহিদা রয়েছে?সাউদ বিন মাসুদ: সব বিভাগেরই চাহিদা রয়েছে। বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষিতরা উঠে আসছেন। আমাদের দেশে চাকরির ব্যাপ্তি বাড়ছে। এ জন্য আলাদা কোনো শাখা এখানে নেই। কথাবন্ধু: তরুণ চাকরিপ্রার্থীদের পেশাগত দিক থেকে আরও উন্নত করার ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?সাউদ বিন মাসুদ: প্রতিষ্ঠানের ব্যবসাকে বোঝা। নিজের দক্ষতা আরও বাড়িয়ে তোলা। কারণ ব্যক্তির স্বপ্ন এবং প্রতিষ্ঠানের স্বপ্ন একসঙ্গে কাজ করে। ব্যবস্থাপনার জন্য দক্ষতা প্রয়োজন। নেতৃত্ব নিয়ে দক্ষতার মাধ্যমে কাজ করার মানসিকতা তৈরি করা। এ জন্য [email protected]এ আপনার জীবনবৃত্তান্ত এবং প্রতিষ্ঠানের চাহিদা নিয়ে ই-মেইল করতে পারেন। আমরাই যোগাযোগ করব। গ্রন্থনা: সুদীপ দে