হালনাগাদ ভোটারদের পরিচয়পত্র ওয়ার্ড কার্যালয়ে দেওয়া হবে: ছহুল হোসাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার হালনাগাদ করা ভোটারদের দুর্ভোগ লাঘবে প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকেও জাতীয় পরিচয়পত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে পরিচয়পত্র বিতরণের যে কর্মসূচি চলছে, তা শেষ হওয়ার পর নতুন এই কর্মসূচি নেওয়া হবে।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। বিদ্যমান কর্মসূচির আওতায় ৯ জুলাই থেকে ঢাকা মহানগরের পাঁচটি স্থান থেকে পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। চলবে ১৮ জুলাই পর্যন্ত।ছহুল হোসাইন জানান, জাতীয় পরিচয়পত্র বিতরণে কিছু অসুবিধা লক্ষ করা যাচ্ছে। এতে ভোটারদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ইসি সিদ্ধান্ত নিয়েছে, চলমান কর্মসূচি শেষ হওয়ার পর নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে। ওই কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে পরিচয়পত্র বিতরণ করা হবে।ছহুল হোসাইন বলেন, যাঁরা দুই জায়গায় ভোটার হয়েছেন, তাঁদের একটি পরিচয়পত্র ইসিতে জমা দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে দ্বৈত ভোটাররা একটি পরিচয়পত্র জমা না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সারা দেশে কতসংখ্যক দ্বৈত ভোটার রয়েছেন, তা ম্যাচিং করে দেখা হচ্ছে। এ পর্যন্ত ১৮৮ জন দ্বৈত ভোটারকে চিহ্নিত করা হয়েছে।