বাড়িটিতে সারা বছরই কিছু কিছু পাখি থাকে। কিন্তু শীতের হাওয়া এলেই হাজার হাজার পাখির কিচিরমিচির মুখর করে রাখে বাড়িটিকে।সন্ধ্যা হলেই হাওর ঘুরে পাখির ঝাঁক উড়ে আসে গাছপালার বাসাবাড়িতে। নিরাপদে রাত্রি যাপন করে। আবার সকাল হলেই খাবারের খোঁজে উড়ে যায় হাওরের দিকে।মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের মনোহর আলী মাস্টারের পাখিবাড়ি এখন এ রকমই এক অভয়াশ্রম হয়ে উঠেছে।শীত এলে হাকালুকি হাওরে আসে হাজার হাজার দেশি-বিদেশি পাখি। উড়ে চলা ঝাঁকে ঝাঁকে পাখির ডানার শব্দে কেঁপে ওঠে হাওরপারের গ্রামগুলো। গ্রামের আশপাশের বিলঝিলে সাঁতার কাটে, ওড়াউড়ি করে। এটা হাওরপারের মানুষের কাছে যুগ যুগের চেনা দৃশ্য।কিন্তু সেই পাখি যখন কোনো বাড়িতে এসে আশ্রয় নেয়, বাড়িটিকে কলকাকলিতে মুখর করে তোলে, সেই বাড়ি তখন পাখিপ্রেমীদের কাছে আলাদা মাত্রা লাভ করে।মনোহর আলী মাস্টারের ছেলে শাহরিয়ার আহমদ জানালেন, তাঁর জন্মের আগে থেকেই তাঁদের বাড়িতে পাখি আসে। দিনে দিনে পাখি বাড়ছে। গ্রামে অনেক বাড়ি আছে, কিন্তু আর কোথাও পাখি যায় না। সাদা বক, পানকৌড়ি, সরালি, হাঁসসহ অনেক ছোট ছোট পাখি এখন বাড়িতে আশ্রয় নিয়েছে। বিভিন্ন স্থান থেকে অনেক লোক পাখি দেখতে তাঁদের বাড়িতে আসে।শাহরিয়ার বলেন, ‘পাখির বিষ্ঠায় বাড়ির গাছ নষ্ট হচ্ছে। একটি ঘরের কামরার টিন কানা কানা হয়ে গেছে। তবু আমরা পাখিকে আদর করি, তাড়িয়ে দিই না। নিরাপদ আশ্রয় পায় বলে বছরের পর বছর ধরে আমাদের বাড়িতে পাখি আসছে। পাখি বাঁচাতে গিয়ে এলাকার অনেকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে।’শাহরিয়ার জানালেন, আশপাশের কিছু লোক পাখি শিকার করতে চায়। তাঁরা বাধা দেন। রাতের বেলা বাসা থেকে পাখি ধরতে আসে। কিন্তু পাখির নড়াচড়া পেলেই বাড়ির লোকজন জেগে ওঠে। শিকারিরা পালিয়ে যায়।পরিবেশ অধিদপ্তরের সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প কুলাউড়া কার্যালয়ের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা বশির আহমদ বলেন, ‘মনোহর মাস্টারের বাড়িতে আমি অনেকবার গিয়েছি। আগেও নাকি এই বাড়িতে বক পাখি আসত। এখন এর সঙ্গে যোগ হয়েছে পানকৌড়ি। কিছু পানকৌড়ি বর্ষাকালে এখানে বাসা বাঁধে। বাচ্চা ফোটায়। এ বছর পাখি অনেক বেশি এসেছে। হাজার পাঁচেক পাখি এই বাড়িতে বসবাস করছে।’আলাপ করি বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সঙ্গে। তিনি বললেন, ‘ওই বাড়ির লোকজন ক্ষতিটা মেনে নিয়ে পাখিদের আশ্রয় দিয়েছে। আমরা আপাতত চিন্তা করছি পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার, যাতে তারা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে।’