পুরো নাম: হাশিম মাহোমেদ আমলাডাক নাম: হ্যাশজন্ম: ৩১ মার্চ ১৯৮৩, ডারবানউচ্চতা: ৬ ফুটপ্রিয় ও অন্যান্যসতীর্থ: মাখায়া এনটিনিক্রিকেটার: স্টিভ ওয়াহ, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিসঅন্য খেলা: টেবিল টেনিসমাঠ: ডারবান, পার্থস্মরণীয় ইনিংস: ২০০৭ সালে জোহানেসবার্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৬কঠিনতম প্রতিপক্ষ: রিকি পন্টিং ও মুত্তিয়া মুরালিধরনঅবসর কাটে: পরিবারের সঙ্গে, বই পড়ে, কোরআন তেলাওয়াত শুনেজাতীয় দলে সুযোগ পেয়েছেন, কোথায় উচ্ছ্বাস-রোমাঞ্চের কথা বলবেন, তা নয়; গম্ভীর কণ্ঠে হাশিম আমলা বললেন, ‘মাই ব্লাড ইজ গ্রিন!’আসলে বলতে বাধ্য হলেন। প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল ফিসফিসানি। কারণ, তাঁর শেকড় ভারতে। কারণ, তিনি মুসলিম, ধর্মপ্রাণ। শ্বেতাঙ্গ না হয়েও জাতীয় দলে ডাক পাওয়াটাকে ‘কোটা’ পদ্ধতির মধ্যেই মিলিয়ে দেখা হচ্ছিল। তাই বলতে বাধ্য হলেন, ‘সবকিছুর আগে আমি একজন দক্ষিণ আফ্রিকান।’ রক্ত ‘সবুজ’ বলে জানিয়ে দিলেন দেশের পতাকা ও জার্সির প্রতি আনুগত্য।অথচ আমলা তো বটেই, তাঁর বাবা-মায়ের জন্মও দক্ষিণ আফ্রিকাতেই। তাঁর দাদা-দাদিরা এসেছিলেন ভারতের গুজরাট থেকে। আমলার জন্ম ডারবান থেকে ৪০ কিলোমিটার উত্তরে টোনগাত নামের ভারতীয় অধ্যুষিত ছোট্ট শহরে। পড়াশোনার শুরু এক অল-এশিয়ান স্কুলে। এখানে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, লন টেনিস, টেবিল টেনিসও খেলতেন। জীবনটা নতুন বাঁক নেয় ডারবান হাইস্কুলে ভর্তির পর।এই স্কুল থেকেই ব্যারি রিচার্ডস, ল্যান্স ক্লুজনাররা উঠে এসেছিলেন। এখানে পড়ার খরচ অনেক। সেটা চালানো কষ্টসাধ্য হলেও ভবিষ্যতের কথা ভেবে ছেলেকে ভর্তি করে দিয়েছিলেন আমলার বাবা। সব খেলাধুলাতেই ভালো বলে এক বছর পরই বৃত্তি পেয়ে যান আমলা। এই স্কুলেই বিকশিত হয় ক্রিকেট-প্রতিভা। ব্যাটে রানের ফোয়ারা ছুটতে থাকায় একদিন চোখে পড়ে যান সাবেক টেস্ট ক্রিকেটার ও ওয়েস্টার্ন প্রভিন্স কোচ হিলটন অ্যাকারম্যানের। তাঁর ক্যাম্পে যোগ দেওয়ার পর আরও চওড়া হয় আমলার ব্যাট। ডাক পান জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে। তাঁর নেতৃত্বেই ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল খেলে প্রোটিয়ারা। ২১ বছর বয়সে পেয়ে যান রাজ্য দল কাওয়াজুলু-নাটালের অধিনায়কত্ব। এরপর পাঁচ ম্যাচে চার সেঞ্চুরি করে ঢুকে পড়েন জাতীয় দলে।‘ব্যাক লিফটে সমস্যা আছে, এই ছেলে কখনোই আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবে না’—কতজন যে অ্যাকারম্যানকে এই কথা বলেছেন! টেস্ট অভিষেক হওয়ার পর আবিষ্কৃত হয় শর্ট বলে দুর্বলতা। তাই তিন টেস্ট খেলেই বাইরে। হাল ছাড়লেন না, অ্যাকারম্যানকে নিয়ে নিবিড় অনুশীলন করে গেলেন। আবার ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি, ১৪ মাস পর আবার জাতীয় দলে। ফিরেই প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯। আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত দুই বছরে তো নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। ১২ টেস্ট শেষেও যাঁর গড় ছিল ২৫, এখন সেটি ৪৫.১০। তাঁর ওয়ানডে খেলার সামর্থ্য নিয়ে একসময় সংশয়ে ছিলেন নির্বাচকেরাও। এখন তাঁর ওয়ানডে গড় ৫৭.৬৭, স্ট্রাইক রেট ৯১.৫০।আমলার চার বছরের বড় ভাই আহমেদ আমলাও ক্রিকেটার। জাতীয় দলে কখনো সুযোগ পাননি, তবে এখন নাটালের অধিনায়ক। দুই ভাইয়ের একমাত্র বোন ডাক্তার। শেকড়কে একেবারে ভুলে যাননি, গুজরাটি ভাষাও বলতে পারেন একটু আধটু।ক্রিকেটের মতো ধর্মটাও আমলার জীবনে খুব গুরুত্বপূর্ণ। দুটোকে আলাদা করে দেখেন না। বরং ক্রিকেটে উন্নতির জন্য কৃতিত্ব দেন ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলাকে। দক্ষিণ আফ্রিকার মতো দলে থেকেও তিনি ধর্ম পালন করে যাচ্ছেন যতটা সম্ভব। বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়েছেন তাঁর জার্সিতে লোগো ব্যবহার না করতে, কারণ, দক্ষিণ আফ্রিকার জার্সি স্পনসর ‘ক্যাসল’ যে বিয়ার কোম্পানি! কোনো অ্যালকোহল কোম্পানির দেওয়া ম্যাচ ফি বা পুরস্কারও কখনো নেন না। ধর্ম বা দাড়ি নিয়ে বিব্রত ও বিরক্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেকবার, তবে আমলা কখনোই বিরক্ত হন না। ধারাভাষ্যকার ডিন জোনস তাঁকে ‘টেররিস্ট’ বলায় খুব কষ্ট পেয়েছিলেন। তবে ঘটনার রাতেই জোনসের ফোন পেয়ে ক্ষমা করে দেন। কারণ? ‘ইসলামের অন্যতম বড় শিক্ষা ক্ষমা!’স্মিত হাসি তাঁর ট্রেডমার্ক। কথা-বার্তা, আচরণে সব সময়ই ধীরস্থির, সৌম্য। সতীর্থরা তাঁকে উত্তেজিত হতে দেখেননি কখনোই। আচরণের মতো ‘সৌম্য’ তাঁর ব্যাটিংও। মারদাঙ্গা ক্রিকেটের এই যুগে তিনি লুপ্ত হতে যাওয়া ‘শিল্পী’ প্রজাতির ব্যাটসম্যান। আরিফুল ইসলাম