হাশেমের কর ফাঁকি মামলায় অভিযোগ গঠন ৩০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলার অভিযোগ গঠনের দিন ৩০ মার্চ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন। আজ এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এম এ হাশেমের আইনজীবী সময়ের আবেদন করে আদালতকে জানান, তাঁর মক্কেল ফাঁকি দেওয়া করের অর্থ পরিশোধ করে দেবেন। এ জন্য সময়ের প্রয়োজন। আদালত ৩০ মার্চের মধ্যে অর্থ পরিশোধের আদেশ দেন। এ সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ওই দিন অভিযোগ গঠনের শুনানি হবে।প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার আয়েশা সিদ্দিকা পারটেক্স গ্রুপের চেয়ারম্যান হাসেম ও তাঁর স্ত্রী ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, এম এ হাসেম ও অন্য আসামিরা ২০০৫—০৮ করবর্ষ পর্যন্ত সম্পদের তথ্য গোপন করে ২৩২ কোটি ৫৫ লাখ ৪৮ হাজার ৯০৯ টাকা কর ফাঁকি দিয়েছেন। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫/১৬৬ ধারায় এ অভিযোগ আনা হয়।