হাসতে নাকি জানে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের আলো সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে রমনা উদ্যানে। উদ্যানের আশপাশের সড়কগুলো তখনো যানবাহনের ভিড়ে সরব হয়ে ওঠেনি। এমন নীরবতার মধ্যে আচমকা উদ্যানে শোনা গেল হা হা অট্টহাসি, রীতিমতো হাসির কোরাস। এত সকালে এভাবে হাসছে কারা? হাসির শব্দ ধরে এগিয়ে বের করা গেল তাদের।একদল লোক ওপরের দিকে হাত তুলে হা হা করে আকাশ ফাটিয়ে হাসছে। কেউ কেউ আবার শরীরও দোলাচ্ছে। ‘হাসতে নাকি জানে না...’ ছড়াটা মনে পড়ে গেল। কেননা কেউবা হাসছে দাড়িমুখে, কেউবা টাকলু মাথায়, কেউবা চশমা চোখে। এত এত প্রাণখোলা হাসি দেখে রমনার সবুজও যেন হেসে উঠছে!পরক্ষণেই আবার মনে হলো, সবাই এত হাসছে কেন? ‘কেউ যদি একা একা হাসে, তাকে সবাই পাগল বলবে। তাই দল বেঁধে হাসি। দল বেঁধে হাসাটা অনেক সহজও। কারণ হাসির ব্যাপারটা ছোঁয়াচে, একজন হাসলে অন্যদেরও হাসি চলে আসে।’ বলছিলেন হাসাহাসি দলের একজন।দল বেঁধে হাসার গোড়ার কথা জানালেন আরেকজন। ১৯৭৫ সালের দিকে রমনায় ব্যায়াম করতে যেতেন প্রকৌশলী আসজাদ হোসেন।তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসির কসরতও করতেন। আর সবাইকে ডাকতেন তাঁর সঙ্গে হাসতে। তখন প্রায় সবার কাছেই ব্যাপারটা হাস্যকর মনে হতো। এখন হাসি প্রয়োজনীয় একটা ব্যায়াম হিসেবে স্বীকৃত। প্রকৌশলী আসজাদ হোসেন মারা গেছেন চার বছর আগে। তবে তাঁর দল বেঁধে হাসার ধারণা এখন বড় আকার নিয়েছে। তাঁর ব্যায়ামের দলশতায়ু অঙ্গনের সদস্যরা সকালে একসঙ্গে বসে হাসে। বৃষ্টিতে রমনার মাঠ ভিজে গেলে দলের সদস্যরা হাসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাঁদের কল্যাণেই রমনায় ব্যায়াম করা সব সংগঠনের ব্যায়ামের তালিকায় হাসি অন্তর্ভুক্ত হয়েছে।শতায়ু অঙ্গনের প্রশিক্ষক এস এম জামসেদ আলি বলেন, ‘হাসি অতি প্রয়োজনীয় একটি ব্যায়াম। হাসলে গাল, চিবুকের মাংস, চোখ, নাক, দাঁত, কান, কণ্ঠ, ফুসফুসসহ পুরো শরীরের ব্যায়াম একসঙ্গে হয়ে যায়। ব্যায়ামের হাসি হাসতে হয় পুরো শরীর দুলিয়ে, জোরে জোরে শব্দ করে। মুখ যতটা সম্ভব খুলে হা হা শব্দ করে হাসাটাই হাসির ব্যায়াম। হাসির ব্যায়াম নিয়মিত করলে প্রাণশক্তি বেড়ে যায় বহু গুণ। মন হালকা হয়।’