হাজারটা সমস্যা আর জীবনযাপনের শতেক যন্ত্রণায় এ শহরটা যেন রামগরুড়ের বাসা হয়ে গেছে। মনে হয় সবটাই যেন ‘ধমক দিয়ে ঠাসা’! যেখানে যাও চোখরাঙানি, ভ্রু কুঁচকানি। রাগী রাগী চেহারা নিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে আশপাশে। অফিসে, বাসায়, পথে-ঘাটে হাসি যেন মিলিয়ে গেছে। অন্যের দুর্গতি দেখে হাসা ছাড়া কেবল নির্মল আনন্দের হাসি আর হাসাই হয় না। কিন্তু নগরের একটা জায়গায় সবাই আসে হাসতে আর হাসাতে। জীবনটাকে আরেকটু কাছ থেকে দেখার, আরেকটু ভালোবাসার এক দুর্দান্ত সুযোগ খুঁজতে। পেয়েও যায়, এ কথা হলফ করে বলা যায়। শহরের এক কোনায় ছোট্ট একটু পরিসরে গড়ে উঠলেও নাভিদ মাহবুবের কমেডি ক্লাবটা তাই যেন মুক্তির এক বিশাল প্রান্তর। সে জন্যই যাঁরা এর খোঁজ জানেন, দিনক্ষণ দেখে ঠিক ঠিকই গিয়ে হাজির হন প্রাণ খুলে একটু হাসার জন্য।তাই বলে আবার ভাববেন না রাজ্যের সব খই ভাজা লোকের আড্ডাখানা এটা। ক্লাবে যাঁরা আসেন তাঁদের সবাই নিজেদের কাজ সেরে তারপর আসেন আড্ডা জমাতে। কমেডি ক্লাবের উদ্যোক্তা যিনি, সেই নাভিদ মাহবুব নিজেও কাজের মানুষ। এসএসসি, এইচএসসি দুটোতেই মেধাতালিকায় ঠাঁই করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে তড়িৎ প্রকৌশল নিয়ে পড়েছেন তিনি। তারপর স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে। চাকরি করেছেন ফোর্ডের মতো প্রতিষ্ঠানে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এখন কাজ করছেন নকিয়া সিমেন্স নেটওয়ার্কের সিইও হিসেবে। তবে এতসব যোগ্যতা বাদ দিয়ে নিজের পরিচয় দিতে গিয়ে তিনি লাস ভেগাসের কমেডি উৎসবে প্রথম হওয়ার কথাটাই বলতে বেশি ভালোবাসেন। এমনকি চাকরি ছেড়ে দিয়ে পুরোদস্তুর কমেডিয়ান বনে গিয়েছিলেন তিনি। বললেন, ‘২০০৬ সালে আমি সবকিছু ছেড়ে একেবারে স্ট্যান্ড আপ কমেডিয়ান বনে যাই। কারণ আমার কাছে মনে হয়, জীবনটা শুধু পরীক্ষায় ভালো ফল করা কিংবা বড় বড় চাকরি করার জন্যই না।’কিন্তু তাই বলে কাঠখোট্টা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আর রসিক স্ট্যান্ড আপ কমেডিয়ান, দুটো একেবারে দুই ধারার জিনিস হয়ে গেল না? জবাবে নাভিদ মাহবুব বললেন, ‘এটা একটা খুব মজার জিনিস যে মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আবার আমাদের হানিফ সংকেতও কিন্তু এই একই বিষয় নিয়ে পড়ালেখা করেছেন।’স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বিভিন্ন জায়গায় শো করতে করতে একসময় তাঁর মাথায় আসে, দেশে ফিরে একটা কমেডি ক্লাব করা যায় কি না, যেখানে লোকজন আসবে এবং কৌতুক শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাবে। আর সেই চিন্তা মাথায় নিয়েই পাততাড়ি গুটিয়ে যুক্তরাষ্ট্র থেকে তিনি চলে এলেন বাংলাদেশে। তারপর ২০০৯ সালের মাঝামাঝি সময়ে বারিধারার ১২ নম্বর রোডের ১৩/১ নম্বর বাড়ির বেজমেন্টের ভেতর ছোট্ট পরিসরে খুলে বসলেন নাভিদস কমেডি ক্লাব। ধীরে ধীরে এ-কান ও-কান হয়ে লোকজন জেনেও গেল কমেডি ক্লাবের খবর। একজন-দুজন করতে করতে এখন বেশ ভালোই লোক জমে যায়।প্রত্যেক শনিবার দেশের পেশাদার কমেডিয়ানরা আসেন কৌতুক বলতে। আর বুধবার মাইক খোলা থাকে সবার জন্য। অর্থাৎ সেদিন দর্শকেরাই কৌতুক বলেন, দর্শকেরাই কৌতুক শোনেন। এই বুধবারের আসরেই কৌতুক শুনতে এসে কচুগাছ কাটতে কাটতে ডাকাত হওয়ার মতো এখন রীতিমতো কৌতুক অভিনেতা হয়ে উঠেছেন ইয়ামিন আর ইশতিয়াক। তাঁদের সঙ্গে প্রতিদিনই যোগ হচ্ছেন কেউ না কেউ। যেমন এক বুধবার একেবারে প্রথমবারের মতো কৌতুক বলতে মঞ্চে উঠলেন মোহাম্মদ সোলায়মান। আসলে তিনি এসেছিলেন কৌতুক শুনতে। কিন্তু দর্শকদের চাপাচাপিতে মঞ্চে উঠেই বেশ মাতিয়ে দিলেন আসর। এটা যে মঞ্চে উঠে তাঁর প্রথম কৌতুক বলা সে কথা মনেই হলো না। সেদিনই ঘটে গেল আরেক মজার কাণ্ড। রেডিও ফুর্তির আরজে অপু, সাদিয়া আর নুসরাত এসেছিলেন শো দেখতে। কৌতুকের গন্ধ শুঁকে শুঁকে রম্য লেখক অনিক খানও হাজির হয়েছিলেন সেদিন। তাঁদের সবার ঠেলা-ধাক্কায় হঠাৎ করে আরজে অপু এলেন মঞ্চে কৌতুক বলতে। রেডিও জকির খোলস ফেলে একেবারে চোখের নিমিষে বেরিয়ে এল এক মহা কৌতুকবাজ মানুষ।শুধু অপেশাদারেরাই নয়, পেশাদারদেরও আসা-যাওয়া আছে নাভিদস কমেডি ক্লাবে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ডাকসাইটের স্ট্যান্ড আপ কমেডিয়ান ববি কলিনস এলেন নাভিদস কমেডি ক্লাবের নিমন্ত্রণে। সামনে আরেক বিখ্যাত কমেডিয়ান এডি ব্রিল আসবেন আসর জমাতে। তা ছাড়া ভারতের জি বাংলা চ্যানেলের আয়োজনে কৌতুকের অনুষ্ঠান ‘মিরাক্কেল’ ঘুরে আসা বাংলাদেশের ছেলে ইয়াফিও আসেন এখানে। যেমনটা আভাস পাওয়া গেল, নাভিদস কমেডি ক্লাবের কাছ থেকে নগরবাসীর জন্য এ রকম প্রাপ্তিযোগ বছরভর লেগেই থাকবে।