হাসন রাজা একাডেমি ৩৫ বছরেও প্রতিষ্ঠা হয়নি
মরমি সাধক হাসন রাজার নামে সুনামগঞ্জে একটি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়ছিল সেই ১৯৭৫ সালে। এরপর নানা সময়ে একাডেমি প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত একাডেমি প্রতিষ্ঠা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি শহরে একাডেমির জন্য জায়গা অধিগ্রহণের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের সকল পর্যায়ের কর্মীদের দাবি, অবিলম্বে সুবিধাজনক জায়গায় হাসন রাজা একাডেমি প্রতিষ্ঠা করা হোক।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছরের প্রথম দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুনামগঞ্জে হাসন রাজা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এর জন্য আট কোটি টাকা বরাদ্দ হয়। এ নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শহরের সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানি নিজে সুনামগঞ্জে এসে বৈঠক করেছেন। এরপর মাস দুয়েক আগে শহরের হাসননগর এলাকায় প্রাথমিকভাবে একাডেমির জন্য স্থান নির্ধারণ করা হয়। কিন্তু জায়গাটি আবাসিক এলাকার ভেতরে থাকায় এর বাসিন্দারা জায়গা দিতে রাজি হননি। পরে আর একাডেমি নির্মাণের কাজ শুরু হয়নি। এখন জায়গা নিয়েই সমস্যা বেশি। একাডেমি নির্মাণের জন্য অর্থ আছে, কিন্তু জায়গা না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। জেলা প্রশাসন একাডেমি নির্মাণের জন্য বিকল্প জায়গা খুঁজছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসন রাজা জমিদার ছিলেন। তিনি সুনামগঞ্জ শহরের বর্তমান লক্ষণশ্রী গ্রামে ১৮৪৫ সালের ২৪ জানুয়ারি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁদের ছিল বিশাল জমিদারি। জায়গা-জমি আর সম্পদের অভাব ছিল না। একসময় তিনি জমিদারি ছেড়ে আধ্যাত্মিক ধারায় নিজেকে সমর্পণ করেন। প্রায় দুই শতাধিক গান রচনা করেছেন তিনি। হাসন রাজা ও তাঁর মরমি গান এখন দেশে-বিদেশে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেন। কিন্তু এই মরমি সাধকের জীবন-দর্শনের চর্চা এবং তাঁর সৃষ্টিকর্ম ধরে রাখার কোনো কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। একসময় যাঁর বিশাল জমিদারি ছিল, জায়গা-জমির অভাব ছিল না, এখন সেই হাসন রাজার স্মৃতি রক্ষার জন্য একাডেমি হচ্ছে না জমির অভাবে—বিষয়টি পীড়া দেয় এই সময়ের সংস্কৃতিকর্মীদের। এ জন্য হাসন রাজার পরিবারের উত্তরসূরিদের উদাসীনতাকেও দায়ী করেন কেউ কেউ।তবে পরিবারের পক্ষ থেকে হাসন রাজার বাড়িতেই দুই বছর আগে একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সামারীন রাজা এটি গড়ে তোলেন। বাড়ির দুটি কক্ষ নিয়ে এই মিউজিয়াম। সেখানে হাসন রাজার স্মৃতিবিজড়িত নানা জিনিসপত্র রাখা হয়েছে। দর্শনার্থীরা দূর-দূরান্ত থেকে আসেন হাসন রাজাকে জানতে। তবে তাঁদের অনেকেই হতাশ হন। যে রকম হতাশ হয়েছেন ঢাকার বাণিজ্যিক অডিট অধিদপ্তরের অডিট সুপারিনটেনডেন্ট নিয়াজ আহমেদ খান টিপু। তিনি হাসন রাজার বাড়িতে এসেছিলেন বেড়াতে। মিউজিয়ামে রাখা মন্তব্য খাতায় নিয়াজ লিখেছেন, ‘দূর থেকে আসার আগে যা মনে করেছিলাম, হাসন রাজার বাড়িতে এসে সেটি পূর্ণ হলো না। দুঃখ পেলাম, সরকার কিংবা পরিবার—কেউ-ই হাসন রাজার স্মৃতি ধরে রাখার জন্য তেমন কিছু করেনি। স্থানীয়ভাবে হাসন একাডেমীর পরিসর বৃদ্ধির জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে আমি আমার ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’সুনামগঞ্জের নাট্যকর্মী ও সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুজন) সাধারণ সম্পাদক শাহ আবু নাসের বলেন, ‘সুনামগঞ্জের সাংস্কৃতিক সুনাম ও ঐতিহ্য রয়েছে। এই শহরকে বলা হয় কবিতা ও গানের শহর। কিন্তু সংস্কৃতি চর্চার জন্য সুযোগ-সুবিধা কম এখানে। শহরে একটি ভালো মিলনায়তন নেই। হাসন রাজা একাডেমিকে ঘিরে আমাদের একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন কবে হবে আমরা তা জানি না।’ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘মাস দুয়েক আগে বেশ জোরেশোরেই হাসন রাজা একাডেমি নির্মাণের কথা শোনা গিয়েছিল। কিন্তু সে কথা এখন থেমে গেছে। হাসন রাজা একাডেমির সঙ্গে তাঁর জীবন-দর্শন চর্চার ব্যবস্থা, মিলনায়তন, মহড়াকক্ষ সবই আছে বলে আমরা জেনেছি। কিন্তু কাজ শুরু না হওয়ায় এখন আমরা হতাশ।’ জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই বলেন, ‘সম্প্র্রতি জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক আমাদের সবাইকে নিয়ে বসেছিলেন। আমরা আবারও দাবি জানিয়েছি, যাতে শহরে একটি সুবিধাজনক জায়গা দেখে হাসন রাজা একাডেমির কাজ দ্রুত শুরু হয়। হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন জানান, সুনামগঞ্জে হাসন রাজার নামে একাডেমি হবে, এটা নতুন বিষয় নয়। এর জন্য ১৯৭৫ সালে তৎকালীন সরকারপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন। এর পরই উদ্যোগের শুরু। কিন্তু নানা জটিলতায় সেটির বাস্তবায়ন আর হয়নি। জয়নুল জাকেরিন বলেন, ‘হাসন রাজা আসলে আমাদের পরিবারের একার নয়, তিনি সবার। সংস্কৃতি চর্চার পরিবেশসহ সর্বসাধারণের সুবিধা হবে এমন জায়গা না থাকায় মূলত সমস্যা হচ্ছে। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।’সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। হাসন রাজা একাডেমির ভবন নির্মাণের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছিল, তা ব্যক্তিমালিকানাধীন থাকায় জায়গার মালিকেরা দিতে রাজি হননি। আমরা জায়গা খুঁজছি। জায়গা পাওয়া গেলেই একাডেমির কাজ শুরু হবে।