সুরমা নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে বিরাট মঞ্চ। একসময় এই নদীর মৃদুমন্দ ঢেউ দেখেই সময় কেটেছে হাসন রাজার। মঞ্চ থেকে ভেসে আসছে হাসন রাজার গান ‘বাউলা কে বানাইল রে, হাসন রাজারে বাউলা কে বানাইল রে’। মাঠ ভর্তি মানুষের মন ছুঁয়ে যায় সেই সুর। সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী হাসন রাজা লোক উৎসব।সন্ধ্যার আলো-আঁধারিতে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে উৎসব শুরু হয় হাসন রাজার গানে গানে। পরে উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী। সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান। এ ছাড়া বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফতাব উদ্দিন আহমদ, হাসন রাজা পরিষদের সহসভাপতি হুমায়ুন কবীর, শাহ আবু নাসের, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সিলেট বিভাগীয় প্রধান এ কে নূরুল আলম। বাংলালিংক এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে। হাসন রাজার জীবনদর্শন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে কামাল লোহানী বলেন, ‘হাসন রাজার ভাবদর্শন ও সৃষ্টিকর্ম দেশ-বিদেশে সমাদৃত। আমাদের সংস্কৃতির শিকড়ে রয়েছেন হাসন রাজারা। তাই তাঁদের সন্ধান করতে হবে। চালিয়ে যেতে হবে তাঁদের গানের চর্চা।’সাংসদ মতিউর রহমান বলেন, সুনামগঞ্জে হাসন রাজা একাডেমি নির্মাণের কাজ চলছে। এটি হলে এ অঞ্চলের লোকগান সংরক্ষণ ও চর্চা হবে। তরুণ প্রজন্ম হাসন রাজাকে আরও বেশি করে জানতে পারবে।’উদ্বোধনী অনুষ্ঠানে ‘মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে...কান্দে’, ‘লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার’, ‘নিশা লাগিল রে’, ‘রঙের বাড়ই রঙের বাড়ই রে’, ‘হাসন রাজায় কয়’, ‘এক দিন তোর হইব রে মরণ’, ‘প্রেমবাজারে হাসন রাজা’, ‘মানুষের মাঝে মানুষ আছে’সহ তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। গানে গানে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসবস্থল।স্থানীয় শিল্পীদের পর সিলেটের মরিয়ম বেগম, ঢাকা থেকে আসা আকরামুল ইসলাম ও সেলিম চৌধুরী সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত চলে বাউলগান। এতে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের বাউলেরা অংশ নেন। শনিবার গভীর রাত পর্যন্ত এ উৎসব চলবে।