পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল ইউনিটের অভিযুক্ত ২৫৬ জন আসামির মধ্যে আজ মঙ্গলবার ১৩১ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এ নিয়ে দুই দিনে ২৩০ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছে। আদালত কাল বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।বিচারকাজ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে দুই দফা বিরতি দিয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। গতকাল ৯৯ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ এই বিচারকাজ অনুষ্ঠিত হয়। আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম ও মেজর এস এম কাওসার। প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম আসামিদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবারে উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন। ১৬ জন অধিনায়কের আদেশ অমান্য করেন। ১৬ জন কোনো ভয়ভীতির মধ্যে না থেকেও নিজের ইউনিটের কর্মকর্তাদের বাঁচাতে কোনো সহায়তা করেননি। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র-গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। নয়জন হাসপাতালে ওয়ার্ডের রোগীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং বিদ্রোহে ইন্ধন দেন। চারজনের বিছানার নিচ থেকে গোলাবারুদ ও লুণ্ঠিত স্বর্ণালংকার পাওয়া যায়। এই ইউনিটের ১৪ জন লাশ গুমে সহায়তা করেন।বিডিআরের সূত্র জানায়, হাসপাতাল ইউনিটের অভিযুক্তদের মধ্যে সুবেদার মেজর দুজন, সুবেদার চারজন, নায়েক সুবেদার ছয়জন, হাবিলদার ১৬ জন, নায়েক ২৬, ল্যান্স নায়েক ২৭ ও সেপাই ১৭৬ জন। আসামিদের মধ্যে ৪১ জন সিআইডির করা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা ও কাশিমপুর কারাগারে রয়েছেন। একজন আসামি পলাতক।