বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে করা মামলায় রাজধানীর পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৬ জনকে কাল বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৬ এই নির্দেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সকাল নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত। অভিযোগ উত্থাপন করেন ইউনিটের নায়েক সুবেদার নান্নু মিয়া। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে এই ইউনিটের ২৫৬ জন অংশ নিয়েছে। তাঁদের মধ্যে ৯০ জন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলায় কারাগারে আছেন। আর বাকি ১৬৬ জন ইউনিটে কর্মরত আছেন। তিনি তাঁদের গ্রেপ্তারের আবেদন জানান। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে যারা এখনো গ্রেপ্তার হননি তাঁদের গ্রেপ্তার করার এবং আগামীকাল ২৫৬ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আদালতের অপর সদস্যরা হলেন লে. কর্নেল মো. নুরুল আলম ও মেজর মো. আলি মুসতাইন খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি কাজী ইজারুল হক আকন্দ এবং প্রসিকিউটর লে. কর্নেল এস এম এ আল মূঈদ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরে দেশের অন্য স্থানেও এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে।