হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল ইউনিটের ২৫৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে তাঁদের সবার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ আজ বুধবার সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে আদালত বেলা একটায় শেষ হয়। আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। আজ আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম ও মেজর এস এম কাওসার।প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল আলীম আজ ২৫৬ আসামির মধ্যে বাকি ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। পরে আদালত আসামিদের কাছে জানতে চান, তাঁরা দোষী, না নির্দোষ। তাঁরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। এ পর্যায়ে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগগুলো হচ্ছে, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবারে উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন। ১৬ জন অধিনায়কের আদেশ অমান্য করেন। ১৬ জন কোনো ভয়ভীতির মধ্যে না থেকেও নিজের ইউনিটের কর্মকর্তাদের বাঁচাতে কোনো সহায়তা করেননি। ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। ৮০ জন অস্ত্র-গোলাবারুদ লুট করেন। ৩৮ জন অস্ত্র হাতে নেন। নয়জন হাসপাতালে ওয়ার্ডের রোগীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং বিদ্রোহে ইন্ধন দেন। চারজনের বিছানার নিচ থেকে গোলাবারুদ ও লুণ্ঠিত স্বর্ণালংকার পাওয়া যায়। এই ইউনিটের ১৪ জন লাশ গুমে সহায়তা করেন।বিডিআরের সূত্র জানায়, হাসপাতাল ইউনিটের অভিযুক্তদের মধ্যে সুবেদার মেজর দুজন, সুবেদার চারজন, নায়েক সুবেদার ছয়জন, হাবিলদার ১৬ জন, নায়েক ২৬, ল্যান্স নায়েক ২৭ ও সেপাই ১৭৬ জন। আসামিদের মধ্যে ৪১ জন সিআইডির করা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা ও কাশিমপুর কারাগারে রয়েছেন। একজন আসামি পলাতক রয়েছেন।