হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে করা মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের আগে নিয়ম অনুযায়ী আদালত সব আসামির কাছে জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ। জবাবে সবাই নিজেকে নির্দোষ দাবি করেন।বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১০-এ গতকাল বুধবার এই মামলার অভিযোগ গঠন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। এক দফা বিরতি দিয়ে কার্যক্রম চলে বেলা একটা পর্যন্ত। শুরুতে মামলার বাকি ২৬ আসামির বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান আদালত। এর আগে গত সোমবার ৯৯ জনের ও মঙ্গলবার ১৩১ জনের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনানো হয়। অভিযোগ শোনানো শেষে আদালত আসামিদের কাছে প্রশ্ন করেন, তাঁরা দোষী না নির্দোষ। এরপর অভিযোগ গঠন শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। সেদিন আসামিরা মামলার সাক্ষীদের জেরা করবেন।গতকাল আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম, মেজর এস এম কাওসার ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. সোহরাওয়ার্দী। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল আলীম।এই মামলার বিচার শুরু হয়েছিল গত ২৮ এপ্রিল। সে সময় মামলার বাদী ও প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে দলগত ও ব্যক্তিগত অভিযোগ তুলে ধরেন। দলগত অভিযোগে বলা হয়, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের ৮৪ জন দরবার হলে মহাপরিচালকের আদেশ অমান্য করে সরাসরি বিদ্রোহে অংশ নেন, ৫৫ জন বিদ্রোহের সময় অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন, ৮০ জন অস্ত্র ও গোলাবারুদ লুট করেন, ৩৮ জন অস্ত্র হাতে নেন এবং এই ইউনিটের দুজনের নেতৃত্বে ১৪ জন লাশ সরানোর কাজে সহায়তা করেন।ব্যক্তিগত অভিযোগের মধ্যে ছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দরবার চলাকালে মহাপরিচালকের নির্দেশ অমান্য করা, দরবার ত্যাগ করা, বিদ্রোহ দমনে কোনো ভূমিকা পালন না করা, অস্ত্রভাণ্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকানি দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র-গুলি ও মূল্যবান সামগ্রী লুট করা, গুলিবর্ষণ করা, গাড়িতে মাইক লাগিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তা করা ইত্যাদি।গতকাল আদালতের কার্যক্রম শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রসিকিউটর বলেন, মামলার মোট ১৮২ জন সাক্ষীর মধ্যে বেসামরিক সাক্ষীও আছেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত তথ্য-প্রমাণ তাঁদের কাছে আছে।