বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে হাসপাতাল ইউনিটের ২৫৬ আসামির মধ্যে ৯৯ জনের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ পড়ে শোনানো হয়েছে।আজ সকাল সাড়ে ১০টায় বিশেষ আদালত-১০-এ বিচারকাজ শুরু হয়ে বেলা দুইটা ২০ মিনিট পর্যন্ত চলে। আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল নুরুল আলম ও মেজর এ এস এম কাউসার। আদালতে প্রসিকিউটর হিসেবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান লে. কর্নেল আবদুল আলীম। কাল মঙ্গলবার সকাল ১০টায় আদালত আবার বসবে। এর আগে গত ২৯ এপ্রিল বিশেষ আদালত-৬-এ আসামিদের বিচারকাজ শুরু হয়েছিল। পরে আদালত ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি হয়। তখন প্রসিকিউটর লে. কর্নেল এস এম এস আল মূঈদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বিদ্রোহের সময় দরবারে হাসপাতাল ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। এঁরা অধিনায়কের আদেশ অমান্য করে সরাসরি বিদ্রোহে অংশ নেন এবং কোনো ভয়ভীতির মধ্যে না থেকেও নিজের ইউনিটের কর্মকর্তাদের বাঁচাতে কোনো সহায়তা করেননি। বিদ্রোহের সময় তাঁরা অধিনায়কের অনুমতি ছাড়া ইউনিট ত্যাগ করেন। তাঁরা অস্ত্র-গোলাবারুদ লুট করেন। বিদ্রোহ প্রতিহত করার কোনো চেষ্টাও তাঁরা করেননি। উল্টো হাসপাতালে ওয়ার্ডের রোগীদের সঙ্গে উসকানিমূলক আচরণ করেন এবং বিদ্রোহে ইন্ধন দেন। এঁদের অনেকেই লাশ গুমে নেতৃত্ব দিয়েছিলেন।