হাসপাতাল ছাড়লেন হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল বুধবার হাসপাতাল ছেড়েছেন। হিলারির মুখপাত্র ফিলিপ রাইনসের বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।গত রোববার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিত্সকেরা জানান, হিলারির ডান কানের পেছনে মগজ ও খুলির মধ্যবর্তী শিরায় রক্ত জমাট বেঁধেছে।চিকিত্সকদের বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হিলারির অবস্থার উন্নতি হয়েছে। তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে তাঁরা আশা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কাজে ফেরার জন্য ব্যাকুল হিলারি। তবে কবে কাজে ফিরবেন, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। হাসপাতাল ছাড়ার সময় হিলারির সঙ্গে তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে ছিলেন।এর আগে চিকিত্সকেরা জানিয়েছিলেন, জমাট রক্ত তরল করার ওষুধ সেবন করানোর পর হিলারিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।