হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসেন ম্যান্ডেলা আজ শনিবার হাসপাতাল ছেড়েছেন। রয়টার্স জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ম্যান্ডেলা।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় এক বার্তায় জানায়, ‘তিনি (ম্যান্ডেলা) আজ হাসপাতাল ছেড়েছেন... তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও ক্রমে উন্নতির পথে রয়েছে।’রয়টার্স জানায়, প্রেসিডেন্টের কার্যালয়ের ওই বার্তা প্রকাশ হওয়ার আগে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সকে জোহানর্সবার্গে ম্যান্ডেলার বাড়িতে ঢুকতে দেখা যায়। বার্তায় বলা হয়, হাসপাতালে প্রায় ১০দিন চিকিত্সাধীন থাকার পর ম্যান্ডেলাকে এখন তাঁর বাড়িতে চিকিত্সা দেওয়া হবে। রয়টার্স আরও জানায়, গত চার মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মত ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে উত্কণ্ঠা দেখা দেয়। শান্তিতে নোবেল জয়ী ম্যান্ডেলা ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। সারা বিশ্বে সবার জন্য সম-অধিকার ও সহিষ্ণুতার প্রতীক হিসেবে নেলসন ম্যান্ডেলা সর্বজন শ্রদ্ধেয়।