হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা হাসপাতাল ত্যাগ করেছেন। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ম্যান্ডেলা তাঁর জোহানেসবার্গের বাসভবনে থেকে চিকিত্সা নেবেন বলে বিবৃতিতে জানানো হয়।অসুস্থ অবস্থায় ৮ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা। সেখানে প্রথমে তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিত্সা করা হয়। পরে তাঁর পিত্তথলি থেকে সফলভাবে পাথর অপসারণ করা হয়।তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে চিকিত্সকেরা সন্তোষ প্রকাশ করেছেন। ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই বলে জানিয়েছেন চিকিত্সকেরা।এর আগে শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে ২০১১ সালে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন ম্যান্ডেলা। চলতি বছর পেটের পীড়ার কারণে আরও একবার হাসপাতালে চিকিত্সা নিয়েছেন তিনি।শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা।