হাসপাতাল ছেড়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইয়েমেনের আহত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আজ রোববার হাসপাতাল ছেড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা এ কথা জানিয়েছেন বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে। গতকাল শনিবার ইয়েমেনের এক সরকারি মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ শিগগির হাসপাতাল ছাড়বেন। তবে এখনই তিনি দেশে না ফিরে সৌদি সরকারের ব্যবস্থাপনায় রিয়াদে অবস্থান করবেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সৌদি কর্মকর্তা জানান, ইয়েমেনের প্রেসিডেন্ট প্রয়োজনীয় চিকিৎসা শেষে আজ স্থানীয় সময় রাত নয়টায় রিয়াদের সামরিক হাসপাতাল ছেড়েছেন। পুরোপুরি সুস্থতার জন্য তাঁকে সাময়িকভাবে একটি বাসভবনে স্থানান্তর করা হয়েছে।গত জুনে নিজ বাসভবনের ভেতর বিরোধীদের হামলায় গুরুতর আহত হন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা। এরপর তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য রিয়াদে আসেন। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় এখনো সরকারি বাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। গত ছয় মাস ধরে দেশটিতে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহবিরোধী আন্দোলন চলছে।