হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরতে ব্যাকুল হয়ে গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার সিপিএমের ছাত্রসংগঠন এসএফআইয়ের তোপের মুখে পড়ার পরদিন বুধবার কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন মমতা। কিন্তু সপ্তাহ না কাটতেই তিনি হাসপাতাল ছাড়তে চাইছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী দিল্লিতে পরিকল্পনা কমিশনের বৈঠকে যোগ দিতে গিয়ে এসএফআইয়ের তোপের মুখে পড়েছিলেন মমতা। এ সময় তাঁর সঙ্গে থাকা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এসএফআইয়ের কর্মীদের হাতে লাঞ্ছিত হন। ওই দিনই দিল্লির সব বৈঠক বাতিল করে কলকাতায় ফিরে আসেন মমতা এবং পরে ভর্তি হন বেলভিউ হাসপাতালে। সেখানে চিকিত্সক সুব্রত মিত্রের নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল টিম গঠন করে চিকিত্সা শুরু হয় তাঁর। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তিনি বাড়ি ফিরে যেতে চাইছেন। কিন্তু চিকিত্সকেরা মমতাকে আরও কয়েক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে চান।চিকিত্সক সুব্রত মিত্র বলেন, ‘মমতার মেরুদণ্ড ও বাম হাঁটুতে চোট ধরা পড়েছে। স্পাইনাল ডিস্ক সরে গেছে। তাই তাঁকে কোমরে বেল্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া, তাঁর বাম হাঁটুতে পানি জমেছে।’ তিনি বলেন, অস্থি বিশেষজ্ঞের পরামর্শে মমতার ফিজিওথেরাপি শুরু হয়েছে। কিন্তু এত সব চিকিত্সা চলার মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যেতে চাইছেন মমতা।