হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। বেলভিউ হাসপাতালে চার দিন চিকিত্সা নেওয়ার পর দক্ষিণ কলকাতার কালীঘাটের নিজের বাড়িতে ফিরে গেলেন মমতা। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে মমতার পরিবারের লোকজন এসে তাঁকে নিয়ে যান। তবে চিকিত্সকেরা মমতাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত মঙ্গলবার দিল্লিতে পরিকল্পনা কমিশনের বৈঠকে যোগ দিতে গিয়ে সিপিএমের ছাত্রসংগঠনের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা। এ সময় তাঁর সঙ্গে থাকা অর্থমন্ত্রী অমিত মিত্র ওই কর্মীদের হাতে লাঞ্ছিত হন। এর পরদিন বুধবার দিল্লির সব বৈঠক বাতিল করে কলকাতায় ফিরে মমতা বেলভিউ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিত্সক সুব্রত মৈত্রের নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিত্সক দল মমতার চিকিত্সা করে। সুব্রত মৈত্র সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর মেরুদণ্ডে ও বাঁ হাঁটুতে কিছু সমস্যা ধরা পড়েছে। তাই মুখ্যমন্ত্রীকে কোমরে বেল্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর বাঁ হাঁটুতে পানি জমেছে। হাসপাতালের অস্থি বিশেষজ্ঞের পরামর্শে তাঁকে ফিজিওথেরাপি দেওয়া শুরু হয়েছে। এখন চিকিত্সকের পরামর্শ অনুসারে মুখ্যমন্ত্রীকে তাঁর বাসায় ফিজিওথেরাপি দেওয়া হবে।