হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা বাজার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভিড় করতে থাকে রোগীরা। জরুরি বিভাগের চিকিৎসকও থাকেন তাঁর নির্দিষ্ট কক্ষে। চিকিৎসকদের জন্য রোগীর পাশাপাশি অপেক্ষা করেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০ জন বিক্রয় প্রতিনিধি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জরুরি বিভাগের সামনে ভিড় করে থাকেন। একজনের পর একজন প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে দেখা করেন। তাঁরা বিনা মূল্যে চিকিৎসকদের বিভিন্ন ওষুধের নমুনা (স্যাম্পল) দিয়ে তাঁদের কোম্পানির ওষুধের নাম ব্যবস্থাপত্রে লেখার জন্য প্রভাবিত করেন।নাম প্রকাশ না করার শর্তে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলেন, ‘কোম্পানির নতুন পণ্য সম্পর্কে ডাক্তারদের ধারণা দেওয়ার জন্য হাসপাতালে আসি।’জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, ‘রোগী দেখার ফাঁকে ফাঁকে আমরা বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলি। এতে রোগীদের তেমন কোনো সমস্যা হয় না। অতিরিক্ত ভিড় থাকলে হাসপাতালে তাঁদের প্রবেশ করতে নিষেধ করে দিই।’হাসপাতালের আবাসিক চিকিৎসক অরবিন্দ পাল প্রথম আলোকে বলেন, ‘অফিস চলাকালে ওষুধ বিক্রয় প্রতিনিধির চিকিৎসকের সঙ্গে দেখা করার কোনো অনুমতি নেই, তবে সপ্তাহের রবি ও বুধবার চিকিৎসকেরা ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেন, তবে এটা দুপুর একটার পর থেকে।’দালাল চক্রের খপ্পরে পড়ে রোগীরা অতিষ্ঠ: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দালালদের ভিড়ে রোগীরা অসহায়। অভিযোগ রয়েছে হাসপাতালের ভেতরে এবং বাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রায় ৫০ থেকে ৬০ জন দালাল রয়েছে। দালালদের কাছে চিকিৎসকেরাও জিম্মি রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ছাড়া শহরের বাস ও রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ক্লিনিকের দালাল শ্রেণীর রিকশাচালকেরা। গ্রামের কোনো সহজ-সরল রোগী দেখলে দ্রুত তাদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন ও চিকিৎসকের সেবার মান নিয়ে সুনাম করে তাদের রিকশায় করে নিয়ে যান। আর এ জন্য ওই রিকশাচালক রোগীপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পেয়ে থাকেন। এ ছাড়া মাস চুক্তি হিসেবেও অনেকে কাজ করে থাকেন।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের গেট দিয়ে কোনো রোগী বহনকারী মাইক্রো ভেতরে ঢুকলেই দালালেরা দ্রুত জরুরি বিভাগের কক্ষে চলে যায় এবং রোগীদের সঙ্গে এমনভাবে মিশে কথা বলে যেন তাদের আত্মীয় কথা বলছে।জানা গেছে, তারা হাসপাতালের সামনে লাইন দিয়ে গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ভাড়া করা দালাল। চিকিৎসক সেবা শুরু করলেই দালালেরা তাদের ক্লিনিকে ও ডায়গনস্টিক সেন্টারে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ বাকিতে ওষুধ সরবরাহ করে থাকে।দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের জাবেদা খাতুন বলেন, ‘হাসপাতালে ডাক্তার যে পরীক্ষা দিয়েছে, তা দালালের কবলে পড়ে বাইরে থেকে করা হয়েছে। পরে জেনেছি, পরীক্ষাগুলো হাসপাতালেই করা সম্ভব। চিকিৎসকের কক্ষ থেকেই দালালেরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে এসেছে।’নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, ‘হাসপাতালে মুমূর্ষু রোগীর চিকিৎসার সময় কে দালাল আর কে রোগীর লোক তা বোঝা সম্ভব নয়। তবে কখনোই দালালের অনুরোধে কোনো কিছু করা হয় না।’ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, কোনো রোগীকে জোর করে ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় না। ভালো চিকিৎসাসেবা নিতে রোগীরা এমনি এমনি আসে।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অরবিন্দ পাল বলেন, ‘হাসপাতালে কিছু বহিরাগত লোক কাজ করে। আমরা বিভিন্ন সময় উদ্যোগ নিয়েও কোনো কিছু করতে পারিনি। স্থানীয় ক্লিনিকগুলো এ কাজ করে থাকে। জেলা স্বাস্থ্যসেবা কমিটির পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করব।’