হাসপাতালে কাতরাচ্ছে আরও ৩৯ প্রাণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার সকালেও যন্ত্রণায় ছটফট করছিলেন আগুনে দগ্ধ ৪৪ জন। বিকেল পৌনে চারটায় মধ্যে একে একে নিভে গেল আরও পাঁচজনের জীবনপ্রদীপ। বাকি ৩৯ জন এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে ২৯ জন রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল দুপুরে ১৪ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিটের অধ্যাপক শহীদুল বারী জানান, আগুনে ১৫ শতাংশের বেশি পুড়লেই আশঙ্কাজনক হিসেবে ধরা হয়। এখন চিকিৎসাধীন ব্যক্তিদের শরীরের ২০ থেকে ৪০ শতাংশ পুড়েছে। সিএমএইচে পাঠানো দগ্ধ ব্যক্তিদের অবস্থা সংকটজনক।গতকাল হাসপাতালে মারা যাওয়া পাঁচজন হলেন জোসনা (৩৫), রিপন (২৫), লাকি (২৫), ইয়াসমিন (১১) ও মোসলেউদ্দিন (৩৫)। বার্ন ইউনিটে চিকিৎসাধীন নিমতলীর বাসিন্দা আবদুস সালাম খান আগুনের সেই বিভীষিকার কথা বলতে গিয়ে আঁতকে ওঠেন। তিনি বলেন, ‘আমরা চার ভাই নিমতলী মোড়ে একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকি। আজ (শুক্রবার) জাতীয় রাজস্ব বোর্ডে আমার চাকরির ইন্টারভিউ ছিল। তাই রুমে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ বিকট শব্দ। বাইরে তাকাতেই দেখি চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা সবাই বের হওয়ার জন্য দৌড় দিই। কিন্তু আগুনও আমার পেছন পেছন আসে, একপর্যায়ে পড়ে যাই।’ পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে বৃহস্পতিবার রাতে আগুন লাগার পর থেকে গভীর রাত পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি হন দেড় শতাধিক নারী-শিশু-পুরুষ। জরুরি বিভাগ ভরে গেলে মেঝেতে রেখেই শুরু হয় তাঁদের চিকিৎসা। হাসপাতালের কর্মীরা অগ্নিদগ্ধদের শরীরে পানি ঢেলে তাঁদের শরীর ঠান্ডা করার চেষ্টা করেন। সেখান থেকে দগ্ধ ব্যক্তিদের বিভিন্ন তলায় রাখা হয়। তাঁদের মধ্যে জরুরি বিভাগে আনার পর বৃহস্পতিবার রাতেই মারা যান ১৩ জন। গভীর রাতে সাদা চাদরে মোড়া হাসপাতালের বারান্দায় ছিল লাশের সারি। লাশ ঘিরে স্বজনদের আহাজারি, আর্তনাদ ও চিৎকারে হাসপাতালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাত থেকে টানা হাসপাতালে অবস্থান করে চিকিৎসাসেবা তদারক করছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক ও বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন। সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বার্ন ইউনিটে পর্যাপ্ত ওষুধপত্র দেওয়া হয়েছে। গতকাল দুপুর থেকে নৌবাহিনীর একদল চিকিৎসকও বার্ন ইউনিটে চিকিৎসাসেবায় যুক্ত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা দিতে এগিয়ে এসেছে বলে সামন্তলাল সেন জানান।গতকাল বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধদের দেখতে বার্ন ইউনিটে যান। তিনি দগ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং বিছানার অভাবে যাঁদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তাঁদের সিএমএইচে পাঠানোর নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ প্রত্যেককে ১০ হাজার টাকা ও লাশ দাফনের জন্য প্রত্যেকের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা করে তাঁদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। মর্গে আরও আট লাশ: গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ আসে ৪৫টি। সেখানে উপস্থিত ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে জানান, ৪৫টি লাশের মধ্যে গতকাল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৩৯টি লাশের পরিচয় পাওয়া গেছে। সেসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্ত না হওয়ায় এই মর্গে এখনো ছয়টি লাশ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২৭টি লাশের ১৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি লাশের পরিচয় এখনো মেলেনি।