হাসপাতালে কাতরাচ্ছেন আলেয়া, খোকন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিদগ্ধ তরুণী আলেয়ার অবস্থার অবনতি ঘটেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।এদিকে আলেয়ার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার মধ্যরাতে আলেয়ার খালা ময়না আক্তার বাদী হয়ে হাতেনাতে ধরা পড়া খোকন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।মামলায় বলা হয়, মাদক ব্যবসায়ী খোকন দীর্ঘদিন ধরে আলেয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। সে মাদক ব্যবসায় জড়িত বলে তার দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে খোকন তার দুই সহযোগীকে নিয়ে পেট্রল ঢেলে আলেয়ার শরীরে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে।বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন প্রথম আলোকে জানান, আলেয়ার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।এদিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া খোকনকে আদালতে পাঠিয়ে গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। গতকাল পল্লবী থানার পুলিশ খোকনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, রিমান্ডে খোকন আলেয়াকে পুড়িয়ে মারার চেষ্টার কথা স্বীকার করে। খোকন দাবি করে, দীর্ঘদিন ধরে আলেয়ার সঙ্গে তার প্রেম চলছে। প্রতিনিয়ত মুঠোফোনে আলেয়ার সঙ্গে তার কথা হতো। কিছুদিন ধরে আলেয়া তাকে এড়িয়ে চলতে শুরু করেন। একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে খোকন। ওসি জানান, খোকনের দুই সহযোগীকে গ্রেপ্তরের চেষ্ট চলছে।গতকাল দুপুরে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া শরীরে ব্যান্ডেজ নিয়ে আলেয়া কাতরাচ্ছেন। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখা যায় আলেয়ার খালা রাজিয়া বেগমকে।আলেয়ার খালা রাজিয়া বেগম জানান, আলেয়ার মা হাসনা বেগম ক্যানসারে ভুগছেন। ঘটনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের বাড়িতে থাকা আলেয়ার বাবাকে ঘটনা এখনো জানানো হয়নি। আলেয়ার বাবা রশিদ মিয়া রিকশা মেরামতের কাজ করেন। পরিবারের আর্থিক অবস্থা খুবই নাজুক। আলেয়ার চিকিৎসা চালাতে পরিবারটি এখন হিমশিম খাচ্ছে। রাজিয়া বেগম খোকনের ফাঁসি দাবি করে বলেন, খোকনদের মতো দুর্বৃত্তদের হাতে কোনো নিরীহ মেয়ে যেন এমন পরিণতির শিকার না হন।ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাজিয়া বেগম কেঁদে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে আলেয়াকে নিয়ে মিরপুর ১১ নম্বরে কেনাকাটা করতে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার আলেয়ার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। মিরপুর ৬ নম্বর সেকশনের ডি ব্লকে পৌঁছালে খোকন পথ আগলে ধরে আলেয়াকে চা খেতে প্রস্তাব দেয়। এ সময় তিনি বেশ কিছু পেছনে ছিলেন। আলেয়া চা খেতে রাজি না হয়ে আবার হাঁটা শুরু করেন। একপর্যায়ে খোকনের এক সহযোগী পেছন থেকে আলেয়ার শরীরে পেট্রল ছুরে মারে। খোকন দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আলেয়ার শরীরে ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে তাঁর সারা শরীরে আগুন ধরে যায়। ‘বাঁচাও বাঁচাও’ চিত্কার শুনে বাসার সবাই গিয়ে আলেয়ার শরীরের আগুন নেভানোর চেষ্টা করে। এর আগেই আলেয়ার গলা থেকে শরীরের নিচের অংশ পুড়ে যায়।রাজিয়া বেগম জানান, আলেয়া পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করলেও খোকন উত্ত্যক্ত করার কারণে তা ছেড়ে দিতে বাধ্য হন। আসা-যাওয়ার পথে খোকন আলেয়াকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। আলেয়া ওই প্রস্তাবে রাজি হননি। পরে তাঁর পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, খোকন বিবাহিত এবং দুই সন্তান নিয়ে মিরপুর ১ নম্বরে গুদারাঘাটে থাকে। তারা জানতে পারে যে খোকন মাদকের ব্যবসা করে। এরপর তারা এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে।