হাসপাতালে কাতরাচ্ছেন শিশুসহ আহতরা
মাথায় আঘাত পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে দুই বছরের এক ছেলেশিশু। পায়ে আঘাত পেয়ে ককাচ্ছে নয় বছরের এক মেয়ে। ১৫ বছরের নিচে বয়স এমন আরও ছয় শিশুর একই দুরবস্থা। সবাই বোমা হামলায় আহত হয়ে চিকিত্সাসেবা নিচ্ছে হাসপাতালে।গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনের ১১৭তম আসরে বোমা হামলায় আহত হয়ে বোস্টন চিলড্রেনস হাসপাতালে চিকিত্সাসেবা নেয় এসব শিশু। কেবল এ শিশুরাই নয়, নারী-পুরুষসহ শতাধিক ব্যক্তি আহত হয়ে চিকিত্সাসেবা নিতে যান বিভিন্ন হাসপাতালে। তাঁদের যন্ত্রণাকাতর ধ্বনি আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ওই বোমা হামলায় আহত ২৯ জন ভুক্তভোগী ভর্তি হয়েছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে। হাসপাতালটির একজন চিকিত্সক জানান, কয়েকজনের ক্ষতিগ্রস্ত অঙ্গ কেটে ফেলতে হবে।অনেকেই তাঁদের দৌড় শেষ করতে যাচ্ছিলেন, এমন সময় গতকাল ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’-এর কাছে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। তখন ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন অনেকে। চারদিকে ছড়িয়ে পড়ে ভীতি।আহত ব্যক্তিদের দ্রুত বোস্টনের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। চিকিত্সকেরা জানান, আহত লোকজনের চিকিত্সাসেবা দিতে গিয়ে তাঁদের ঘাম ছুটে গেছে।