হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে লাপাত্তা স্বামী-শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পলি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ ফেলে লাপাত্তা হয়ে গেছেন তাঁর স্বামী ও শ্বশুর। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, যৌতুক না দেওয়ায় পলিকে হত্যা করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ অবস্থায় পলিকে হাসপাতালে নিয়ে যান স্বামী মো. রায়হান ও শ্বশুর রকিব কাজীসহ কয়েকজন। সে সময় কর্তব্যরত চিকিত্সক পলিকে মৃত ঘোষণা করার পর স্বামী-শ্বশুরসহ অন্যরা পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে টঙ্গী থেকে পলির মামা বাদল হাওলাদার হাসপাতালে আসেন। বাদল সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে সম্পর্ক করে রায়হানকে বিয়ে করেন পলি। পরে পারিবারিকভাবে বিষয়টি মেনে নেওয়ার পর পলি স্বামীর পরিবারের সঙ্গে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর বি ব্লকের এক বাসায় থাকতেন। কিছুদিন না যেতেই যৌতুকের জন্য তাঁর ওপর চাপ দেন রায়হান ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন। কিছুদিন আগে রায়হানকে দুই লাখ টাকাও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানান পলি। বাদল আরও বলেন, আজ সন্ধ্যায় পলির পরিবারে ফোন করে রায়হান বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। পরে ফোনে মৃত্যুর সংবাদ দেন। এরপর তাঁদের মুঠোফোন বন্ধ। বাসাও তালাবদ্ধ। বাদল অভিযোগ করেন, যৌতুক না দেওয়ায় পলিকে হত্যা করা হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলি ও তাঁর স্বামীর বাড়ি মাদারীপুর সদরে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে পলি দ্বিতীয়। তাঁর বাবা জাফর ফকির।