হাসপাতালে গেলেন খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হেফাজত থেকে বাসায় না গিয়ে আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ হেফাজত থেকে তাঁকে বাসায় পৌঁছে দিতে চাওয়া হয়। কিন্তু তিনি বাসায় না গিয়ে সরাসরি রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে যান।আজ দুপুর সোয়া ১২টার দিকে পুরান ঢাকার আদালতপাড়া এলাকা থেকে পুলিশ খোকাকে তুলে নেয়। ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছিল, নিরাপত্তার কারণে খোকাকে ঘটনাস্থল থেকে সরিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হবে।এর আগে বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রথম আলোকে জানিয়েছিলেন, সাদেক হোসেন খোকাকে আটক করা হয়েছে। তবে তাঁকে বর্তমানে কোথায় রাখা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরান ঢাকার ধোলাইখাল এলাকা থেকে সকাল সাড়ে ১০টার দিকে খোকার নেতৃত্বে একটি মিছিল বের হয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এরপর বিক্ষোভ মিছিলটি সিএমএম কোর্টের দিকে আসে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা মিছিলে যোগ দেন।জজকোর্ট এলাকায় দুপুর ১২টার দিকে মিছিলকারীদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ খোকা ও বিএনপির কর্মীকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়। লালবাগ অঞ্চলে পুলিশের এডিসি কামরুজ্জামান বলেন, বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণে এসে আগুন ধরিয়ে দেয়। তাদের শান্ত রাখার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের হামলায় কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার রাজিব আল মাসুদ আহত হন। মির্জা ফখরুলের নিন্দা: এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভক্ত ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সরকারের স্বেচ্ছাচারিতার বহির্প্রকাশ এবং সংবিধানের লঙ্ঘন। শান্তিপূর্ণ হরতাল থেকে খোকাকে আটক করে সরকার ধারাবাহিক নির্যাতনের বহির্প্রকাশ ঘটিয়েছে। সরকার যদি মনে করে এভাবে আন্দোলন দমানো যাবে, তবে ভুল করবে। মির্জা ফখরুল বলেন, দমন-পীড়ন অব্যাহত থাকলে ঢাকাকে এক করার আন্দোলন আরও জোরদার হবে। তিনি বলেন, আজকের হরতালের পর সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আদালত প্রাঙ্গণ উত্তপ্ত: খোকাকে পুলিশ হেফাজতে নেওয়া নিয়ে উত্তপ্ত ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে। বিএনপির সমর্থক আইনজীবীরা এ আটকের প্রতিবাদে দফায় দফায় মিছিল করেন। পাল্টা মিছিল করেন আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরাও।ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থক আইনজীবী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা হরতাল সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করছিলাম, মিছিল শেষ করে যখন কক্ষে এসে বসি তখন ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্বে পুলিশ এসে আাামাদের ওপর হামলা চালায় এবং সাদেক হোসেন খোকাকে লাঞ্ছিত করে আটক করে নিয়ে যায়।’ তিনি দাবি করেন, মামলাসংক্রান্ত একটি কাজে সাদেক হোসেন খোকা তাঁর কক্ষে এসেছিলেন। অন্যদিকে ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সমর্থক এ কে এম আমিন উদ্দিন বলেন, ‘হরতাল চলাকালে রাস্তায় মিছিল না করে খোকার নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা আদালতে ভাঙচুর করে, ইটপাটকেল নিক্ষেপ করে, পুলিশের গাড়িতে আগুন দেয়। তখন আমরা সাধারণ আইনজীবীরা মিলে তা প্রতিরোধ করি।’