হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি মনিটরিং করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছর ধূমপানজনিত রোগে ৫৭ হাজার লোক মারা যান। সরকার ধূমপান নিরুৎসাহিত করতে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণে আইন করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা জানান।বিকেল সোয়া চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, ঢাকা শহরে ৬১০টি বেসরকারি ক্লিনিক ও এক হাজার ৩৩টি ডায়াগনস্টিক সেন্টার আছে। এগুলো স্থাপনে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসকদের উপস্থিতির জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা নিশ্চিত করতে মনিটরিং করা হচ্ছে। মন্ত্রী সাংসদকে জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে মোট শূন্য পদের সংখ্যা ছয় হাজার ৫৩৭ টি।রহুল হক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি সরকারের বিবেচনাধীন। প্রতি বিভাগীয় শহরের বড় মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের প্রক্রিয়া চলছে।সাংসদ এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১১ হাজার ৭২৪টি কমিউনিটি ক্লিনিক আছে। আরও ৪৫৪টির কাজ অচিরেই শুরু হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে কেবল ঢাকায় ১০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে কিডনি সংযোজন করা হয়। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে নিবন্ধনপ্রাপ্ত চিকিত্সকের সংখ্যা ৫৭ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে কর্মরত তিন হাজার ৫৮৫ জন। আর ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকের মঞ্জুরি পদ হলো চার হাজার ৩৯২ জন।সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ট্যানারির বিষাক্ত বর্জ্য বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এ জন্য ঢাকা শহর থেকে ট্যানারি-শিল্প অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।আ ফ ম রহুল হক সংসদকে বলেন, প্রতিটি জেলায় শিশু হাসপাতাল স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে পর্যায়ক্রমে জেলা হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা আছে। বিশেষায়িত হাসপাতালের সংখ্যাও বাড়ানো হচ্ছে।