হাসপাতালে তাদের তৎপরতা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) লোকজনের তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার একাধিক ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ানকে হাসপাতালে এসে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও রক্তের নমুনা সংগ্রহ করতে দেখা গেছে। যদিও ওই সব রোগনির্ণয়ের ব্যবস্থা ও যন্ত্রপাতি হাসপাতালেই আছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের প্যাথলজি ও রেডিওলজি বিভাগের চিকিৎসক ও টেকনিশিয়ানের যোগসাজশে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন হাসপাতালে ঢুকে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করছেন।গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বয়েজউদ্দিন (৭৫) হাসপাতালের ৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। ইসিজি যন্ত্র হাসপাতালে থাকার পরও তাঁর ইসিজি করছেন ‘জনতা ডায়াগনস্টিক সেন্টারের’ টেকনিশিয়ান সাইফুল। বয়েজউদ্দিনের স্বজন আনোয়ার হোসেন বলেন, ‘আইজকায় (আজকে) ভর্তি হইছি। হবার পর ডাক্তার ইসিজি কইবার দেলে। একজন আসিয়া একটা মোবাইল নম্বর দেয়। দরদাম করিয়া ২০০ টাকায় এই টেস্ট করা হয়। শুনিছি, এটে (হাসপাতাল) এই টেস্ট হয়। কিন্তু তা করা হইল না। হামরা এটে অসহায়।’হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিটি বিভাগে একটি করে ইসিজি যন্ত্র আছে। হাসপাতালে ইসিজি করাতে ৮০ টাকা লাগে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনের পরামর্শে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন এসে বয়েজউদ্দিনের ইসিজি করেন। এ প্রসঙ্গে চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘জরুরি মুহূর্তে রোগীর প্রয়োজনে বাইরে থেকে পরীক্ষা করানো হয়।’ খোঁজ নিয়ে জানা গেছে, জনতা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হারুন-উল কবির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের টেকনিশিয়ান। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রোগীরা আমাদের এখানে পরীক্ষা-নিরীক্ষা করাতে আসেন। আমাদের কী করার আছে?’ সরেজমিনে আরও দেখা যায়, রংপুর সদর উপজেলার পাগলাপীরের ছয় মাসের বাবু শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। জন্ডিস সন্দেহে চিকিৎসক শিশুটির ‘সিরাম বিলিরুবিন’ পরীক্ষা করাতে বলেন। শিশুটির স্বজন আমিনুর রহমান বলেন, ‘চিকিৎসক সামসুজ্জামান শিশুটির রক্ত পরীক্ষার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যেতে বলেন। বেলা সাড়ে ১১টার দিকে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে একজন টেকনিশিয়ান ওয়ার্ডে এসে রক্ত সংগ্রহ করেন। তাঁকে রক্ত সংগ্রহ বাবদ ৫০ টাকা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ওই ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫০ টাকা দেওয়া হয়।’ হাসপাতাল সূত্রে জানা যায়, পরীক্ষাটি হাসপাতালেও করা যেত। সে ক্ষেত্রে খরচ হতো ১২০ টাকা।এ ব্যাপারে চিকিৎসক সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রোগীর চাহিদা অনুযায়ী তাকে ওই ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়।’পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আহাদ দাবি করেন, ‘আমাদের যন্ত্রপাতি ও পরীক্ষা-নিরীক্ষা মানসম্পন্ন। তাই রোগীরা আমাদের এখানে আসে।’ নাম প্রকাশ না করার শর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, এই হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৫ জন চিকিৎসক একটি ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ভবনে ব্যক্তিগতভাবে রোগী দেখেন (প্রাইভেট প্র্যাকটিস)। এই চিকিৎসকেরা রোগনির্ণয়ের জন্য রোগীদের ওই ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। রেডিওলজি বিভাগের তিনজন টেকনিশিয়ান—মনোয়ারুল ইসলাম, পঙ্কজ চৌধুরী ও জ্যোতিষ চন্দ্র ওই ডায়াগনস্টিক সেন্টারে খণ্ডকালীন চাকরি করেন। এ ব্যাপারে মনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকারি কাজের বাইরে এ ধরনের কাজে কোনো বাধা নেই।’ জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করা হবে। আজ (বুধবার) হাসপাতালের নিয়োগসংক্রান্ত পরীক্ষা থাকায় সময় হয়ে ওঠেনি।’ গত মঙ্গলবার প্রথম আলোর প্রথম পাতায় ‘রংপুর মেডিকেল কলেজ: সরকারি হাসপাতালে রোগনির্ণয় করে ডায়াগনস্টিক সেন্টার!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।