হাসপাতালে দালাল চক্রের ছয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে সিলেটের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নুসরাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৯-এর সদস্যরা আদালতের কাজে সহায়তা করেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের মো. সাইদুল ইসলাম, নোমান আহমদ, সুনামগঞ্জের চানপুর এলাকার আল-আমিন, শামসুল ইসলাম, সিলেট সদরের মো. জিল্লুর রহমান ও শাহিন মিয়া। তাঁদের মধ্যে শাহিন মিয়াকে ১০ এবং অন্যদের সাত দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। হাসপাতাল সূত্রের দাবি, এই দালাল চক্রের যন্ত্রণায় সেবা নিতে আসা রোগী ও তাঁদের আত্মীয়স্বজন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। হাসপাতালে যেকোনো সুবিধা নিতে এই দালাল চক্রকে বিভিন্ন হারে টাকা দিতে হতো। নির্বাহী হাকিম নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, ‘দালাল চক্রের বিরুদ্ধে হাসপাতালে উপস্থিত লোকজন বেশ কিছু অভিযোগ তোলেন। ওই সময় তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।’