হাসপাতালে নৌপরিবহনমন্ত্রী
উচ্চ রক্তচাপের কারণে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বাসসকে জানান, ‘গতকাল মঙ্গলবার রাতে উচ্চ রক্তচাপ ও তীব্র মাথাব্যথা নিয়ে মন্ত্রী হাসপাতালে ভর্তি হন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।’শাজাহান খান হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে আমেনা বেগমের অধীনে চিকিৎসাধীন। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে ভিড় না করতে চিকিত্সকেরা দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।গতকাল রাতে মন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান আমাদের মাদারীপুর প্রতিনিধিকে জানান, গতকাল রাতে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার (মাদারীপুর সদর ও রাজৈর) বিভিন্ন স্থান ঘুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি অনেক নেতার বাসায় খাওয়াদাওয়া করেন। জনসংযোগের একপর্যায়ে রাত সাড়ে আটটার দিকে মস্তফাপুর এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত মাদারীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, তাঁর (শাজাহান) উচ্চ রক্তচাপ ছিল, যা নিয়ন্ত্রণে আসছিল না। তাঁর হূদরোগ রয়েছে। তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।