হাসপাতালে প্রসব করান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, ‘হাসপাতালে প্রসব করান, মা ও শিশুকে বাঁচান’।এর উদ্দেশ্য হলো, হাসপাতালে সন্তান প্রসব করানোর জন্য গণসচেতনতা সৃষ্টি করা। কারণ, হাসপাতালে সন্তান প্রসব করা মা ও শিশু দুজনের জন্যই নিরাপদ। শ্রীলঙ্কা আমাদের মতোই উন্নয়নশীল দেশ, কিন্তু সেখানে হাসপাতালে সন্তান প্রসবের হার ৯৮ শতাংশ, যা যেকোনো উন্নত দেশের সমান। ফলে সেখানে মা ও শিশুর মৃত্যুর হার একেবারে কমে গেছে। আমাদের দেশে হাসপাতালে সন্তান প্রসব করানো হয় শতকরা ২৩ ভাগ। মাতৃমৃত্যুর হার এখনো উদ্বেগজনক। ২০০১ সালের পরিসংখ্যানে দেখা গেছে, মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ২। প্রতি হাজার জীবিত শিশু জন্মের জন্য যা ২০১০ সালে এসে দাঁড়িয়েছে ১ দশমিক ৯৪। অর্থাৎ প্রতি হাজার জীবিত শিশুর জন্ম দিতে গিয়ে এখনো দুজন করে মা মারা যাচ্ছেন—প্রতিবছর যার সংখ্যা দাঁড়ায় সাত হাজার ৩০০। অর্থাৎ প্রতি ঘণ্টায় একজন করে মায়ের মৃত্যু হচ্ছে। মৃত্যুই শেষ কথা নয়, এর প্রায় ৩০ গুণ নারী অসুস্থতা ও পঙ্গুত্ব নিয়ে অতি কষ্টে বেঁচে আছেন মাতৃত্বকে বরণ করতে গিয়ে। যে কারণের জন্য আমাদের দেশে মাতৃমৃত্যু হয়ে থাকে—প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণ, একলাম্পশিয়া, বাধাগ্রস্ত প্রসব, স্পেসিস ও অনিরাপদ গর্ভপাত। এর মধ্যে অধিকাংশ সময় দেখা যায়, প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণ হলে মাত্র দুই ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু হয়। এ কারণে প্রসবোত্তর রক্তক্ষরণে মৃত্যু অধিকাংশ সময় হাসপাতালে পৌঁছার আগেই হয়ে থাকে। একলাম্পশিয়া, বাধাগ্রস্ত প্রসব ও স্পেসিস হলে হাসপাতাল ছাড়া চিকিৎসা করা সম্ভব নয়। এসব রোগীকে হাসপাতালে আনতে দেরি হলে বেশির ভাগ ক্ষেত্রে বাসাতেই মৃত্যু হয় অথবা দীর্ঘমেয়াদি অসুস্থতা ও পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসপাতালে অথবা চিকিৎসকের কাছে গর্ভাবস্থা থেকে নিয়মিত চেকআপ করালে একলাম্পশিয়ার মতো ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। গর্ভাবস্থায়, গায়ে, হাতে-পায়ে পানি, অতিরিক্ত মাথা ধরা, ব্লাডপ্রেশার বেড়ে যাওয়া, প্রস্রাবে প্রোটিন নির্গত হওয়া একলাম্পশিয়ার পূর্বলক্ষণ এবং এর পরপরই খিঁচুনি ওঠে। কাজেই গর্ভাবস্থায় চিকিৎসকেরা রোগীকে বিশ্রাম, ব্লাডপ্রেশার কমানোর ওষুধসহ খিঁচুনি না ওঠার চিকিৎসা দিয়ে থাকেন। সেই সঙ্গে গর্ভের সন্তান ও মাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সন্তান প্রসবের ব্যবস্থা করে থাকেন। হাসপাতাল ছাড়া এই চিকিৎসা সম্ভব নয়। বাধাগ্রস্ত প্রসব হলে দেখা যায়, যথেষ্ট প্রসব-ব্যথা থাকা সত্ত্বেও ১২ ঘণ্টার মধ্যে সন্তান প্রসব হয় না, এমতাবস্থায় রোগীকে আর বাসায় রাখা ঠিক নয়, তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে সন্তান প্রসব করানো নিরাপদ। তা না হলে দেখা যায়, গর্ভের শিশুটি গর্ভেই মারা যায় অথবা শ্বাসরুদ্ধ অবস্থায় ভূমিষ্ঠ হয়। এই শিশু মস্তিষ্কে অক্সিজেনের অভাবে পঙ্গুত্বের শিকার হয়। এ ছাড়া বাধাগ্রস্ত প্রসবের ফলে জরায়ু শিথিল হয়ে প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ, স্পেসিস এবং কোনো কোনো সময় জরায়ু ফেটে যায়, যার কারণে মায়ের মৃত্যু হয়। মাতৃমৃত্যু না হলেও দীর্ঘসময় প্রসব-ব্যথা থাকার ফলে মায়ের যোনিপথ ও প্রস্রাবের থলি শিশুর মাথা দ্বারা বস্থিকোঠরের হাড়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় এবং যৌনিপথ ও প্রস্রাবের থলি ফুটো হয়ে এক হয়ে যায়। এুংু কারণে প্রস্রাবের পর মায়ের যৌনিপথ দিয়ে অনবরত প্রস্রাব ঝরতে থাকে অর্থাৎ ভিভিএফ বা ফিস্টুলা হয়ে যায়; যার সামাজিক পরিণতি ভয়াবহ। অথচ দেখা যাচ্ছে, হাসপাতালে সন্তান প্রসব করালে এসব মৃত্যু ও পঙ্গুত্ব এড়ানো সম্ভব। ‘হাসপাতালে প্রসব করানমা ও শিশুকে বাঁচান’—এটা শুধু স্লোগান, শোভাযাত্রা বা বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; জোর দিতে হবে এই বার্তাটি প্রতিটি গর্ভবতীর পরিবারের কাছে পৌঁছাতে এবং গর্ভবতীর পরিবারকে হাসপাতালে সন্তান প্রসবের জন্য উৎসাহিত করতে। হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মানোন্নয়নের জন্য ‘নারীবান্ধব হাসপাতাল’ পরিবেশ তৈরি করতে হবে; অর্থাৎ হাসপাতালে সম্মান, মর্যাদা ও মমতার সঙ্গে উন্নত সেবা প্রদান করা। নিরাপদ মাতৃত্ব প্রতিটি নারীর জন্মগত অধিকার। কাজেই গর্ভকালীন সেবা, দক্ষ হাতে সন্তান প্রসব করানো, প্রসবোত্তর সেবা (মা ও শিশু দুজনের জন্যই) এবং জরুরি অবস্থা হলে চিকিৎসা পাওয়া নিশ্চিত করতে হবে। তবেই নিরাপদ মাতৃত্ব দিবস পালন সার্থক হবে।লেখক: স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, সেন্ট্রাল হাসপাতাল