মৃত্যু ও রোগ নিয়ে সরকারি তথ্য
হাসপাতালে বেশি মৃত্যু হূদেরাগে ভর্তি বেশি ডায়রিয়া নিয়ে
সরকারি হাসপাতালে সবচেয়ে বেশি মানুষ ভর্তি হয় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। তবে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে হূদেরাগ বা হূদ্যন্ত্র-সংশ্লিষ্ট জটিলতায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা দপ্তর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) ২০১১ সালের স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের বিষয়ে সঠিক তথ্য পরিকল্পনা গ্রহণে সহায়তা করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা ও সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, স্নাতকোত্তর স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ২০১০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া রোগী এবং হাসপাতালে মারা যাওয়া মানুষের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এই বুলেটিনে আছে। এতে ৪৬৮টি সরকারি হাসপাতালে মৃত্যু হওয়া ৫১ হাজার ৫৫০ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, হূদ্যন্ত্র-সংশ্লিষ্ট জটিলতায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ৪৪৪টি হাসপাতালে ভর্তি হওয়া দুই লাখ ৬২ হাজার ১৭ জন রোগীর ধরন বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে।এই তথ্যের ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও বিশিষ্ট চিকিৎসক রশীদ-ই-মাহবুব বলেন, সঠিক তথ্য থাকলে পরিকল্পনা গ্রহণে সুবিধা হয়। রোগের প্রাদুর্ভাব এবং মৃত্যুর কারণ জানা থাকলে স্বাস্থ্য ও চিকিৎসা-ব্যবস্থাপনায় তা সহায়তা করে। স্বাস্থ্য বুলেটিন প্রস্তুতকারী দপ্তর এমআইএসের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, এই তথ্যের ওপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা স্বাস্থ্য খাতে বিনিয়োগ বা সহায়তার অগ্রাধিকার ঠিক করতে পারে। মৃত্যুর প্রধান ১০ কারণ: কোন কোন রোগে বেশি মানুষের মৃত্যু হচ্ছে, তার একটি তালিকা প্রতিবেদনে দেওয়া হয়েছে। তালিকার শীর্ষে আছে হূদ্যন্ত্র-সংশ্লিষ্ট জটিলতা। এরপর আছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ ১৩টি রোগ (আইএমসিআই)। তিন নম্বরে শ্বাসতন্ত্রের রোগ। মৃত্যুর শীর্ষ ১০ কারণের বাকিগুলো হচ্ছে বিষক্রিয়া, নবজাতকের রোগ, জখম, পাকস্থলীর রোগ, অন্য সংক্রামক ব্যাধি, স্নায়ুতন্ত্রের রোগ ও তীব্র অপুষ্টি। ৩৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ হাজার ৭৭৫টি মৃত্যুর প্রধান কারণ আইএমসিআই (১৯ দশমিক ৬০ শতাংশ)। এরপর আছে হাঁপানি (৯ দশমিক ৭৩ শতাংশ)। অন্য শীর্ষ কারণগুলো হচ্ছে: কার্ডিও ভাসকুলার অ্যাক্সিডেন্ট (৭ দশমিক ৭৯), বিষক্রিয়া (৭ দশমিক ২৬), প্যারিনেটাল এস্পেক্সিয়া (৪ দশমিক ৩৫), মাইওকার্ডিয়াল ইনফার্কশন (৪ দশমিক ৩১), জখম (৩ দশমিক ৩৯), দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ (৩ দশমিক ৩১), উচ্চরক্তচাপ (২ দশমিক ১৫) এবং ম্যানিনজাইটিস/এনকেফালাইটিস (১ দশমিক ৫৪)।প্রতিবেদন অনুযায়ী ৬২টি জেলা ও সদর হাসপাতালে মৃত্যুর প্রধান কারণ পেরিনেটাল এস্পেক্সিয়া (১৫ দশমিক ৩৬)। ১৪ হাজার ১১১টি মৃত্যুর কারণ বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ১৪টি সরকারি মেডিকেল কলেজের ২৭ হাজার ২৫৫টি মৃত্যুর মধ্যে তালিকার শীর্ষে আছে কার্ডিও ভাসকুলার অ্যাক্সিডেন্ট (১৪ দশমিক ৮৬)। মেডিকেল কলেজে মৃত্যুর অন্য কারণগুলোর মধ্যে রয়েছে পেরিনেটাল এস্পেক্সিয়া (৮ দশমিক ৯৬), জখম (৬ দশমিক ৪৪), অন্যান্য হূদেরাগ (৬ দশমিক ২৪) ইত্যাদি।পরিসংখ্যানের ব্যাপারে বিএসএমএমইউর শিক্ষক ও হূদেরাগ বিশেষজ্ঞ সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণের সঙ্গে সরকারের এই তথ্যের অনেক মিল আছে। দরিদ্র দেশ বলে আমাদের চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর বেশি জোর দেওয়া উচিত।’ রোগের প্রাদুর্ভাব: বুলেটিনে বলা হয়েছে, ১৫৬ ধরনের রোগ বা কারণে চিকিৎসা নিতে মানুষ হাসপাতালে আসে। উপজেলা হাসপাতালে ডায়রিয়ার (১৫ দশমিক ০৩ শতাংশ) পর আঘাতের (১১ দশমিক ৮৯) চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বেশি। এরপর আছে নিউমোনিয়া (৭ দশমিক ২৭)। জেলা হাসপাতালেও রোগীর তালিকার শীর্ষে আছে ডায়রিয়া (৯ দশমিক ৩০)। এরপর আছে আঘাত (৭ দশমিক ২১), নিউমোনিয়াসহ (৬ দশমিক ১৩) অন্য রোগ বা সমস্যা। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সড়ক দুর্ঘটনার রোগী আসে সবচেয়ে বেশি (৫ দশমিক ৪৩)। এরপর জখম (৪ দশমিক ৪২) ও ডায়রিয়ার (৪ দশমিক ২৯) অবস্থান। উপজেলা ও জেলা হাসপাতালের তালিকায় না থাকলেও মেডিকেল কলেজ হাসপাতালে খোসপাঁচড়া চতুর্থ (৩ দশমিক ১০) ও গর্ভপাত পঞ্চম (২ দশমিক ৮৪) স্থানে। সচেতনতা বেড়েছে: সবচেয়ে বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেও ডায়রিয়া বা কলেরায় মৃত্যুহার খুবই কম। হাসপাতালে মৃত্যুর কারণ শীর্ষ যে ১০টি রোগ, তাতে ডায়রিয়া নেই। এ ব্যাপারে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ‘হাসপাতালগুলোতে ডায়রিয়া ব্যবস্থাপনা এখন অনেক উন্নত। অন্যদিকে, এ ব্যাপারে সচেতনতা বেড়েছে। লোকে খাবার স্যালাইন নিজেরাই তৈরি করতে পারে। ডায়রিয়ায় মৃত্যুহার বেশি না হওয়ার এটাই প্রধান কারণ।’বিএসএমএমইউর সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব এ প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের তথ্য স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য খুবই দরকার। তবে তথ্য সংগ্রহ পদ্ধতি বিজ্ঞানভিত্তিক হওয়া দরকার।’বিষয়টি ব্যাখ্যা করে রশীদ-ই-মাহবুব বলেন সরকারি হাসপাতালে মৃত্যুর কারণ নির্ণয় বা ‘ডেথ অডিট’ হয় না। লেখা হয় ‘হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার’ কথা। কিন্তু মারা যায় হয়তো ক্যানসার, যক্ষ্মা বা অন্য কোনো রোগে। তাই প্রতিটি মৃত্যুর কারণ যাচাই করা দরকার। এ প্রসঙ্গে এমআইএসের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল থেকে যে তথ্য তাঁরা পান, তাতে প্রতিটি মৃত্যুর পাশে কারণ লেখা থাকে। চিকিৎসকেরা ‘ক্লিনিক্যাল ডায়াগনোসিস’ করে মৃত্যুর কারণ লেখেন। আবুল কালাম আজাদ বলেন, এ ক্ষেত্রে কোনো অস্পষ্টতা থাকলে তা হিসাবের মধ্যে নেওয়া হয় না।