হাসপাতালে ভেজাল!
চিকিৎসা দেন দুজন। তাঁদের একজন উচ্চমাধ্যমিক পাস, অন্যজনের আছে পল্লি চিকিৎসকের সনদ। হাসপাতালেরও নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন। এমন এক হাসপাতালের সন্ধান মিলেছে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে। নাম ‘মা মণি জেনারেল হাসপাতাল’। গতকাল বুধবার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে হাসপাতালটির এই অবস্থা। আদালত হাসপাতালটি বন্ধ করে দেন। এ ছাড়া উচ্চমাধ্যমিক পাস করে চিকিৎসাসেবা দেওয়া আকরাম হোসেনকে এক বছরের এবং পল্লি চিকিৎসকের সনদ থাকা এস এম আবদুস সবুর ও হাসপাতালের অংশীদার ওসমান গণিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪-এর একটি দল। সূত্র জানায়, র্যাব-৪ এই হাসপাতালের বিষয়ে প্রায় তিন মাস ধরে ব্যাপক অনুসন্ধান চালায়।অভিযানে অংশ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাসেম জানান, মা মণি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদন পাওয়ার জন্য গত মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে। আবেদনটি যাচাই করা হচ্ছে। অথচ হাসপাতালের কার্যক্রম চলছে জানুয়ারি থেকে। হাসপাতালটিতে দুজন ভুয়া চিকিৎসক এবং বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা একজন শিক্ষানবিশ চিকিৎসক কাজ করছেন। ওই শিক্ষানবিশ চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ নেই। এই সনদ ছাড়া কারোরই রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ার এখতিয়ার নেই।র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, ভুয়া চিকিৎসক আকরাম হোসেন এক সময় ওটি (অপারেশন থিয়েটার) বয় ছিলেন। তিনি গোল্ডেন হাসপাতালে (পরে নামকরণ হয়েছিল শ্যামলী জেনারেল হাসপাতাল) কাজ করতেন। সেখানে রোগী মৃত্যুর অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল অভিযান শেষে মা মণি জেনারেল হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে থাকা ১৮ জন রোগীর মধ্যে ছয়জনকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। বাকিরা হাসপাতালের কাছ থেকে টাকা নিয়ে নিজ উদ্যোগে অন্যত্র গেছেন।আদালত সূত্র জানায়, হাসপাতালটিতে হাড় ভাঙা রোগীদের জটিল অস্ত্রোপচার করা হতো। এ ছাড়া সেখানে চিকিৎসা দেওয়া ব্যক্তিরা ২০০ টাকা ফি নিয়ে রোগী দেখতেন।ওটি বয় থেকে চিকিৎসক: আটকের পর আকরাম হোসেন আদালতকে জানান, তিনি উচ্চমাধ্যমিক পাসের পর বিভিন্ন হাসপাতালে ওটি বয় হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ২২ বছরে তিনি অনেক কিছু শিখেছেন। তিনি নিজেকে পঙ্গু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, সহকারী অধ্যাপক ইত্যাদি পরিচয় দিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার করেছেন। তিনি জানান, তাঁদের হাসপাতালে কোনো রোগী মারা গেলে তাঁকে মৃত ঘোষণা না করে তাঁর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে মৃত্যুর দায় তাঁদের ওপর বর্তাত না।নিজেকে পল্লি চিকিৎসক দাবি করা আবদুস সবুর সাংবাদিকদের জানান, তাঁদের বেশির ভাগ রোগীই হাড় ভাঙা। পঙ্গু হাসপাতাল থেকে দালালেরা রোগী ভাগিয়ে তাঁদের হাসপাতালে আনেন। বিনিময়ে প্রতি রোগীর জন্য দালালকে মোট চুক্তিবদ্ধ অর্থের ২৫ থেকে ৩০ শতাংশ টাকা দেওয়া হয়। তিনি জানান, মা মণি হাসপাতালটি কচুক্ষেতে ছিল। পরে একজনকে অংশীদার করে মোহাম্মদপুরে এটি চালু করা হয়। সনদ পাওয়ার আগেই হাসপাতাল চালুর ব্যাপারে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সদন পাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের পল্লি চিকিৎসকের সনদের ফটোকপি দেখান।চুক্তির পর রোগী ভর্তি: মা মণি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু নাজিমের মা নাসিমা বেগম বলেন, গত তিন মাস ছেলের চিকিৎসার খরচ বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে ৪২ হাজার টাকা দেওয়া হয়েছে। এখনো তাঁর ছেলে সুস্থ হয়নি। কয়েকজন রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, চুক্তি করার পর এখানে রোগী ভর্তি করা হয়। চুক্তির পর রোগীপ্রতি অগ্রিম পাঁচ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়।গতকাল অভিযানকালে মা মণি জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ছোট ছোট কক্ষে পাঁচ থেকে ছয়টি করে শয্যায় রোগী রয়েছে। কক্ষগুলোতে নড়াচড়ারও জায়গা নেই। কক্ষগুলো অন্ধকার, স্যাঁতসেঁতে।পাবনা থেকে আসা এক রোগীকে দেখা যায়, ভাঙা পা টানা দিয়ে শুয়ে আছেন বারান্দায়। হাসপাতালের একজন কর্মী জানান, ওটা কেবিন।অভিযানে সহায়তা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল হাসেম, র্যাব-৪-এর উপপরিচালক গোলাম সারোয়ার, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনসহ একটি দল।